২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় কর্মস্থলে পাথর চাপায় বাংলাদেশি নিহত

মালয়েশিয়ায় একটি মার্বেল পাথরের কারখানায় কাজ করার সময় দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিকের মৃত‌্যু হয়েছে বলে তার এক স্বজন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জোটন চন্দ্র দাস, মালয়েশিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2016, 08:55 PM

Updated : 11 Oct 2022, 09:22 PM

নিহত ইলিয়াছের (২৬) বাড়ি শরীয়তপুরের জাজিরা উপজেলার বুধাইরহাট এলাকার মুলাইর ব্যাপারি কান্দি গ্রামে। তার বাবার নাম ইব্রাহিম খাঁ এবং মায়ের নাম আয়ফল বিবি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যায় মালয়েশিয়ার ইপু জেলার সিমফাং পেলাক এলাকার একটি মার্বেল পাথরের কারখানায় পাথরের স্ল‌্যাবের নিচে চাপা পড়ে ইলিয়াছের মৃত‌্যু হয় বলে মালয়েশিয়া প্রবাসী তারমামা জসিম জানান।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, কাজ করার সময় মার্বেল পাথরের একটি ‘স্ল্যাব’ দড়ি ছিঁড়ে পড়ে গেলে তার নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান ইলিয়াছ। ‘সুপার কাইন্ড মার্বেল অ্যান্ড গ্রানাইট এসডিএন’ নামের কারখানায় কাজ করতেন তিনি।

স্থানীয় প্রবাসী বাংলাদেশি শ্রমিকদের একজন মোহাম্মদ রাসেল হোসেন রাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “দুর্ঘটনার পরপরই খবর পেয়ে আমি সেখানে যাই। ততোক্ষণে ঘটনাস্থলে পুলিশ এসে পড়ে। ইলিয়াছের বৈধ কাগজপত্র না থাকাতে তার লাশ দেশে নিয়ে আসার ব্যাপারটি বেশ জটিল।

“এখানে আমরা প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা ‘বাংলার নতুন সেনা’ নামে একটি সংগঠন করেছি। সংগঠনটির পক্ষে আমিসহ বেশ কয়েকজন বৃহস্পতিবার রাতেই কারখানা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। তারা আশ্বাস দিয়েছেন লাশ দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সহায়তা করবেন।”

ইলিয়াছের লাশ স্থানীয় হাসপাতালে রয়েছে বলে জানান তিনি।

এর আগে ১২ নভেম্বর মালয়েশিয়ায় এই ইপু জেলার একই এলাকায় এক সড়ক দুর্ঘটনায় খলিল আকন (৪০) নামের এক বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়। তিনিও শরীয়তপুর থেকে গিয়েছিলেন।