‘বাংলাদেশিদের টার্গেট করলে ট্রাম্পের বিরুদ্ধে মামলা’
নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ধর্ম ও জাতিগত বিদ্বেষ দেখিয়ে বাংলাদেশি প্রবাসীদের হয়রানি করলে তার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে মামলার হুঁশিয়ারি দিয়েছেন নবগঠিত কুইন্স ডেমোক্র্যাটিক পার্টির ডিস্ট্রিক্ট লিডার অ্যাটর্নি মঈন চৌধুরী।
স্থানীয় সময় বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কে এক সংবাদ সম্মেলনে 'চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে প্রবাসীদের জন্য তার দলের কর্মপন্থা'র বিস্তারিত তুলে ধরতে গিয়ে এ কথা বলেন মঈন চৌধুরী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রশ্নের জবাবে ডেমক্র্যাটিক পার্টির নেতা ও ইউএস সুপ্রিম কোর্টের আইনজীবী মঈন চৌধুরী আর বলেন, "রিপাবলিকান প্রেসিডেন্ট (নির্বাচিত) ডোনাল্ড ট্রাম্প তার নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী যা খুশি তাই করতে পারবেন না।
"যুক্তরাষ্ট্রের সংবিধান ধর্ম-বর্ণ-গোত্র নির্বিশেষে সকল নাগরিকের অধিকার সুরক্ষা করেছে। ট্রাম্প যা খুশি তাই করতে চাইলে সুপ্রিম কোর্ট অবশ্যই সংবিধানকেই সমুন্নত রাখবে এবং সে পথেই আমরা হাঁটার পরিকল্পনা করছি।"
দু'দিন আগে নিউইয়র্ক সিটি মেয়র বিল ডি ব্লাসিয়ো এক সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের অসাংবিধানিক ও ধর্মীয় বিদ্বেষমূলক পদক্ষেপকে আইনি লড়াইয়ের মধ্য দিয়ে প্রতিহতের কথা বলেছেন।
অ্যাটর্নি মঈন বলেন, "তবে যারা অপরাধ করেছেন এবং একইসাথে যাদের অভিবাসনের বৈধতা নেই তাদের ব্যাপারে কিছুই করার নেই। প্রেসিডেন্ট ওবামাও গত আট বছরে এ ধরনের আট লাখেরও বেশি অভিবাসীকে যুক্তরাষ্ট্র থেকে তাড়িয়ে দিয়েছেন।"
গত সোমবার ডেমোক্র্যাটিক পার্টির কুইন্স কাউন্টির সম্মেলনে ডজনখানেক কংগ্রেসম্যান, স্টেট সিনেটর এবং স্টেট অ্যাসেম্বলিম্যানের উপস্থিতিতে অনুষ্ঠিত ভোটে এই ডিস্ট্রিক্টেও লিডার হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাদেশি-আমেরিকান অ্যাটর্নি মঈন চৌধুরী।
তিনি বলেন, "যারা যুক্তরাষ্ট্রের আইন মেনে চলছেন, যারা ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পেয়েছেন, তাদের স্পর্শ করার অধিকার থাকবে না ট্রাম্প প্রশাসনের।
"তবুও যদি বাড়াবাড়ি করার মত পরিস্থিতি হয়, তা হলে সকলকে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে। আইনগত যুদ্ধে সামিল হয়ে সব ধরনের অপতৎপরতা প্রতিহতের সুযোগ রয়েছে।"
অভিবাসীদের ঢালাওভাবে গ্রেপ্তার ও বহিষ্কারের গুঞ্জন প্রসঙ্গে ডেমোক্র্যাটিক পার্টির এই নেতা বলেন, "অভিবাসন প্রক্রিয়ায় যারা এখনও বিবেচনাধীন রয়েছেন অর্থাৎ যারা এখনও গ্রিনকার্ড পাননি কিন্তু ওয়ার্ক পারমিট রয়েছে, তাদের কোন ভয় নেই।
"তাদেরকে বহিষ্কারের কোন এখতিয়ার নেই। তারা যেন অযথা ভীতির মধ্যে নিপতিত না হন।"
প্রায় এক যুগেরও বেশি সময় ধরে ডেমক্র্যাটিক পার্টির বিভিন্ন কাজে ওতপ্রোতভাবে জড়িত অ্যাটর্নি মঈন গত ছয় বছর যাবত জুডিশিয়াল ডেলিগেট হিসেবে নিউইয়র্ক স্টেট সুপ্রিম কোর্ট এবং সিভিল কোর্টের বিচারক নিয়োগের মনোনয়ন দিয়েছেন।
ডিস্ট্রিক্ট লিডার হওয়ায় এখন তার নিজেরই বিচারকদের তালিকা চূড়ান্তের অধিকার রয়েছে।
মঈন বলেন, "ট্রাম্প প্রশাসনের উদ্ধৃতি দিয়ে কেউ কেউ ভীতির সঞ্চার ঘটিয়ে নিজের স্বার্থ চরিতার্থ করছেন বলে অভিযোগ পাওয়া যাচ্ছে। এ ধরনের অপতৎপরতায় লিপ্তদের বিরুদ্ধে মিডিয়াকে আরও সোচ্চার থাকতে হবে।"
তিনি পরামর্শ দিয়ে বলেন, "লাইন্সেসধারী অনুবাদক কিংবা অভিবাসনের কাজের জন্যে কর্তৃপক্ষের অনুমোদন প্রাপ্ত অথবা যারা ইমিগ্রেশনের অ্যাটর্নি-তাদের সাথেই সংশ্লিষ্ট সবার যোগাযোগ রক্ষা করা উচিত। অন্য কারোরই আইনগত সহায়তা দেওয়ার কোন এখতিয়ার নেই।"
বিশ্বের ১৪২টি দেশের মানুষ বাস করেন নিউইয়র্ক সিটির এই কুইন্স কাউন্টিতে।
নিউইয়র্ক অঞ্চলে প্রবাসীদের 'আমব্রেলা' সংগঠন হিসেবে পরিচিত ‘বাংলাদেশ সোসাইটি’র ‘বোর্ড অব টাস্টি’র মেম্বার মঈন চৌধুরী গত প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিনটনের প্রচার দলের অন্যতম সদস্য ছিলেন।
মিট দ্য প্রেসে অন্যান্যের মধ্যে ছিলেন ব্যবসায়ী-সমাজকর্মী সাঈদ রহমান মান্নান এবং এইচ এম লুৎফর রহমান লাতু।
