ইপিবিএ ফ্রান্স শাখার অভিষেক
আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যার মধ্য দিয়ে ইউরোপে প্রবাসী বাংলাদেশিদের সামাজিক সংগঠন 'ইউরোপিয়ান প্রবাসী বাংলাদেশ অ্যাসোসিয়েশন’ (ইপিবিএ)-এর ফ্রান্স শাখার কাজ অভিষেক হয়েছে।
স্থানীয় সময় রোববার বিকালে প্যারিসের এগলিস পান্তার এক হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অভিষেক ও সাংস্কৃতিক সন্ধ্যার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ইপিবিএ কেন্দ্রিয় পর্ষদের প্রধান উপদেষ্টা ও 'চ্যানেল আই' ইউরোপের ম্যানেজিং ডিরেক্টর রেজা আহমদ ফয়সল চৌধুরী শোয়েব।
অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সংগীত গাওয়া হয়। ইপিবিএ ফ্রান্স শাখার সভাপতি ফারুক খান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। অনুষ্ঠান পরিচালনা করেন সংগঠনের ফ্রান্স শাখার সাধারণ-সম্পাদক আব্দুস সালাম।
অভিষেক অনুষ্ঠানে ইপিবিএ ফ্রান্স শাখার নতুন নেতাদের উত্তরীয় পরিয়ে পরিচয় করিয়ে দেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি শাহানুর খাঁন।
অনুষ্ঠানে বক্তব্য দেন সংগঠনের কেন্দ্রিয় প্রচার ও প্রকাশনা সম্পাদক এনায়েত হোসেন সোহেল ও কেন্দ্রিয় কর্মসংস্থান সম্পাদক শাহাদৎ হোসেইন সাইফুল।
সংগঠনের কোষাধ্যক্ষ মনির হোসেন ও মহিলা সম্পাদক শিল্পী সুমা দেশের পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে আলোচনা করেন প্রধান অতিথি ব্রিটেনের টাওয়ার হ্যামলেটস-এর স্পিকার কাউন্সিলর খালিছ উদ্দিন আহমদ,ইপিবিএ কেন্দ্রিয় সভাপতি শাহানুর খাঁন,বাংলাদেশ সরকারের নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব মোহাম্মদ হাসানুর রহমান, ইপিবিএ সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন বিপু,উপদেষ্টা এইচ এস হায়দার, মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী,সদস্য এম এ তাহের, কেন্দ্রিয় কমিটির সহ-সভাপতি কামরুল হাসান জনি, তারাউল ইসলাম, জিকু বাদল, আশরাফুল ইসলাম ও মামুন মিয়া।
বক্তারা প্রতি বছর একদিন প্রবাসী দিবস পালন,প্রবাসীদের মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানো,দ্বৈত নাগরিকত্ব দেওয়া,প্রবাসীদের আইডি কার্ড দেওয়া,ভোটাধিকার এবং ঢাকাসহ বিভিন্ন বিমানবন্দরে অভিবাসনসহ হয়রানির প্রতিকারসহ বেশ কয়েকটি বিষয়ে বাংলাদেশ সরকারের ইতিবাচক সহযোগিতার আবেদন জানান।
এসময় ‘প্রবাস বন্ধু কল সেন্টার’ চালু করায় বাংলাদেশ সরকারকে আন্তরিক ধন্যবাদ জানান বক্তারা।
অনুষ্ঠানের এক পর্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধে বিশেষ অবদানের জন্য মুক্তিযোদ্ধা শেখ মুহাম্মদ আলী,ভাষা শিক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকার জন্য কৌশিক রাব্বানী, ইউরোপে বাংলা গানের প্রচার ও প্রসারের জন্য শিল্পী আরিফ রানা,ফ্রান্সে রন্ধন প্রতিযোগিতায় প্রথম হওয়ার জন্য রাবেলাইস ট্যালেন্ট ইব্রাহিম খলিলকে ইপিবিএ’র পক্ষ থেকে বিশেষ সম্মাননা দেওয়া হয়।
সাংস্কৃতিক সম্পাদক সুস্ময় শরীফের নির্মাণে ও এইচ এস হায়দারের পরিকল্পনায় প্রবাসীদের নানা সমস্যা নিয়ে ফিকশন 'মিসড দ্য প্রমিজ অফ বাস' প্রদর্শিত হয়। এছাড়া জাদু দেখান জাহাঙ্গীর।
এ সময় কবি রবিশঙ্কর মৈত্রী কবিতা আবৃত্তি করেন। নৃত্য পরিবেশন করে মিষ্টি,বৃষ্টি ও স্বর্ণালী অনামিকা।
গান পরিবেশন করেন লন্ডন থেকে আসা শিল্পী গৌরী চৌধুরী, ফ্রান্সের শিল্পী আরিফ রানা ও বাংলাদেশ থেকে আসা শিল্পী তানমিন ফুল।
