২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফিনল্যান্ডে চবি’র নস্টালজিক সুবর্ণজয়ন্তী

কান পাতলেই শোনা যায় শাটল ট্রেনের আগমনী বার্তা। হলের ডালের সেই কী গুণ-কীর্তন !

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভূঁইয়া এন জামান, ফিনল্যান্ডের হেলসিংকি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2016, 05:15 PM

Updated : 20 Aug 2022, 02:19 PM

ভিসি হিলের পাদদেশের আড্ডা। মৌউর (মামুর) দোকানের সিঙ্গারা আর পেঁয়াজু। ছাতা আর টর্চ হাতে রাতের অন্ধকারে নতুন প্রজাতির ব্যাঙের ডাক পর্যবেক্ষণ!

রসায়ন বিভাগের সেই সুগন্ধ ভরা করিডোর। সামুদ্রিক বিজ্ঞানীদের জীবন্ত ফসিল দেখা। গবেষণার নদী চুরির গল্প।

সে-ই জারুল তলা, গোল পুকুর, রেল স্টেশন। বোটানিক্যাল গার্ডেন। মেয়েদের হল- কতই না স্মৃতি! চারিদিকে শুধুই আড্ডা, স্মৃতিচারণ আর নস্টালজিয়া।

১৯ তারিখ দিনটি ছিল ফিনল্যান্ড প্রবাসী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইদের দিন। সাফল্যের সিঁড়ি বেয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় উদযাপন করলো জন্মের অর্ধশত বার্ষিকী বা সুবর্ণ জয়ন্তী।

যার সাথে ইতিহাস হয়ে আছেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামানের মত গুণী অধ্যাপক,আছেন দেশের একমাত্র নোবেল বিজয়ী মুহাম্মদ ইউনূসের নাম।

যেই বিশ্ববিদ্যালয় হতে পাশ করা শিক্ষার্থীদের মধ্যে রয়েছে অন্তত ৪৪ জন সচিব ও উপসচিব পর্যায়ের সরকারি কর্মকর্তা। এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র আব্দুর রবসহ অনেকের রয়েছে স্বাধীনতা সংগ্রামে বলিদানের ইতিহাস।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তীর অনুষ্ঠানকে সামনে রেখে ফিনল্যান্ডে বসবাসরত চবি’র সাবেক শিক্ষার্থীরা মিলিত হয়েছিল একসাথে। কিছুক্ষণের জন্য এ যেন এক মিনি ক্যাম্পাসে পরিণত হয়েছিল।

অতি অল্প সময়ের নোটিসে একটি সফল আয়োজন করা মোটেও সহজ কাজ ছিলো না। তার মধ্যে প্রকৃতির বরফ শীতল পরিবেশ। তবুও সময়ের আগেই সবাই হাজির হয়েছিল অনুষ্ঠান স্থলে।

এর মাঝে তুরস্ক থেকে যোগ দিয়েছেন এক ভাই। আর বিশেষ করে অনুষ্ঠানের প্রধান অতিথি যেন আমাদের ফোনের জন্য অপেক্ষমান ছিলেন। এক বারের চেষ্টায় তাকে পাওয়া গেল।

হ্যা, বলছিলাম রাষ্ট্রদূত মো. গোলাম সরওয়ারের কথা। যিনি সুদূর সুইডেন থেকে শত ব্যস্ততার মাঝেও আমাদের সাথে যোগ দিয়েছিলেন টেলিকনফারেন্সের মাধ্যমে। তার বক্তব্যের সময় আমরা ছিলাম গুণমুগ্ধ শ্রোতা।

পরিচয় পর্বের পর তিনি শুরু করলেন  আনুষ্ঠানিক বক্তব্য। বিদেশের মাটিতে বসে দেশের প্রতিনিধিদের বক্তব্য সবাই সম্মোহিত হয়ে শুনছিলেন।

বক্তব্যের শুরুতেই রাষ্ট্রদূত বাংলাদেশের মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণ করেন ও শ্রদ্ধা জানান মুক্তিযুদ্ধে অংশ নেয়া বীর মুক্তিযোদ্ধাসহ বীরাঙ্গনাদের প্রতি।

রাষ্ট্রদূত দেশের উন্নয়নে প্রবাসীদের বিশেষ করে চবির সাবেক শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে বিভিন্ন ক্ষেত্রে ফিনল্যান্ড- বাংলাদেশ সম্পর্ক উন্নয়নেও এগিয়ে আসার অনুরোধ করেন।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ সরকারের সিনিয়র সহকারী সচিব ও ইতালির মিলান কনসুলেটের কনসাল (লেবার)রফিকুল করিম।

দিনটিকে স্মরণীয় করে রাখতে চবির সাবেক শিক্ষার্থী কানাডা প্রবাসী মুস্তাফিজ আর মজুমদার,অস্ট্রলিয়ার সাইদুল্লাহ ও মালয়েশিয়ার সামসুল আরেফিন টেলিকনফারেন্সে যোগ দেন।

বাংলাদেশ থেকে এই আড্ডায় যোগ দেন চবির সাবেক শিক্ষার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান,সামুদ্রিক বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোসলেম উদ্দিন মুন্না,বাংলাদেশ সরকারের কর কর্মকর্তা এডিসি শহিদুল ইসলাম,আইইউসিএনের জ্যেষ্ঠ বিজ্ঞানী সাহাদ মাহবুব চৌধুরী, উপজেলা নির্বাহী কর্মকতা মোহাম্মদ আশরাফ, টেলি-কমিউনিকেশন কর্মকর্তা জনাব মোহাম্মদ সেলিম,বিশিষ্ট ব্যাংকার মোহাম্মদ এহসানুল ইসলাম এবং চবির সুবর্ণ জয়ন্তী পালন কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ নুরুন্নবী ভূঁইয়াসহ আরো অনেকে।

অনুষ্ঠানে ফিনল্যান্ড প্রবাসী ও চবির সাবেক শিক্ষার্থীদের মধ্যে উপস্থিত ছিলেন ভূঁইয়া এন জামান, তাসলিমা জামান, মজিবুল হক মজুমদার, এএসএম ফারুক, তারেক মোল্লা,নজরুল ইসলাম,মো. সাজিদ আলী হাওলাদারসহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা।

লেখক: চবির সাবেক শিক্ষার্থী ও প্রবাসী সাংবাদিক