পদ্মা সেতুর কাজ শুরুতে শরীয়তপুরবাসীর অভিনন্দন
বাংলাদেশের পদ্মা সেতুর কাজ শুরু হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ সরকারকে অভিনন্দন জানিয়েছেন পর্তুগালে বসবাসরত শরীয়তপুরবাসী।
স্থানীয় সময় মঙ্গলবার সন্ধ্যায় রাজধানী লিসবনে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক পদে শরীয়তপুরের সন্তান এনামুল হক শামীম ও বি এম মোজাম্মেল হক এবং সদস্য পদে ইকবাল হোসাইন অপুকে নির্বাচিত করা উপলক্ষে এক আনন্দসভায় এই অভিনন্দন জানানো হয়।
সভায় বক্তারা পদ্মা সেতুর কাজ শুরু করাসহ ঢাকা ও চট্টগ্রাম শহরে বিভিন্ন ফ্লাইওভার নির্মাণ ও দেশের বিভিন্ন মহাসড়ক চার লেনে উন্নীত করার বিষয়টি তুলে ধরেন।
বাংলাদেশ থেকে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে এনামুল হক শামীম সভায় অংশ নেওয়া অতিথি ও পর্তুগাল প্রবাসী শরীয়তপুর জেলাবাসীদের ধন্যবাদ জানান।
গ্রিস আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান মোল্লার সভাপতিত্বে ‘বৃহত্তর ফরিদপুর অ্যাসোসিয়েশন’ পর্তুগালের সাধারণ সম্পাদক এনামুল হক মিথুন ও এমদাত হোসেন বাবু সভা পরিচালনা করেন।
সভায় অন্যদের মধ্যে পর্তুগাল প্রবাসী কমিউনিটি নেতা লেহাজ উদ্দিন, আব্দুর রাজ্জাক, পনির আজমল, শফিকুর ইসলাম, বিল্লাল হোসেন, ইমরান ভূঁইয়া, জামাল পকির, ফারুক, বাদল, সজিব, সালমান ও ফায়েজ উপস্থিত ছিলেন।
