প্রবাসী প্রজন্মকে গেজেট থেকে দূরে রাখতে দাবা
কানাডা প্রবাসী বাংলাদেশি বংশোদ্ভূত প্রজন্মকে কানাডার মূলধারার ক্রীড়াঙ্গনে দাবাড়ু হিসেবে প্রতিষ্ঠা করতে টরন্টোতে শুরু হয়েছে ‘চেজ ক্লাব’।
রোববার টরন্টোর ক্যাফে ডি তাজ রেস্তোরাঁয় এ ক্লাবের উদ্বোধন করে প্রবাসীদের সংগঠন 'বাংলাদেশি কানাডিয়ান-কানাডিয়ান বাংলাদেশি'(বিসিসিবি)।
সামাজিক যোগাযোগ মাধ্যমকেন্দ্রিক বাংলাদেশি বংশোদ্ভূত কানাডিয়ানদের নেটওয়ার্ক ‘বিসিসিবি’র ব্যবস্থাপনায় এই ক্লাবের আওতায় শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সীদের দাবা খেলায় প্রশিক্ষণ, অনুশীলন এবং উৎসাহ দেওয়ার পরিকল্পনা নিয়েছে সংগঠনটি।
অনুষ্ঠানে বিসিসিবি চেজ ক্লাবের মূল পরিকল্পনাকারী ফেরদৌসী সুলতানা বলেন, “প্রবাসে শিশু-কিশোররা ঘরে কম্পিউটার, মোবাইল, ট্যাব ইত্যাদি গেজেট নিয়ে সময় কাটায়। তাদের এইসব ইলেকট্রনিক থেকে কিছু সময়ের জন্য হলেও দূরে সরিয়ে রাখতে এই দাবা ক্লাবের উদ্যোগ নেওয়া হয়েছে।”
তিনি বলেন, “শুরুতে সপ্তাহে অন্তত একদিন ছেলে-মেয়েদের দাবা অনুশীলন ও প্রশিক্ষণের ব্যবস্থা করেছে বিসিসিবি।”
চট্টগ্রাম মহিলা দাবায় কয়েকবারের চ্যাম্পিয়ান ফেরদৌসী সুলতানা নিজেও একজন দাবাড়ু। তার সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের জাতীয় দলের সাবেক খেলোয়াড় সুমন মালিক।
তিনি বলেন, “প্রবাসী বাংলাদেশি মেধাবি ছেলে-মেয়েদের নিয়ে একটি দাবাড়ু টিম গড়ে উঠতে পারে।”
বিসিসিবি'র সভাপতি রিমন মাহমুদ বলেন, “কানাডায় জাতীয় পর্যায়ে দাবা প্রতিযোগিতা হয় না। বিসিসিবি একটি চৌকস দাবাড়ু দল গড়ে তুলে কানাডার মূলধারায় দাবা প্রতিযোগিতা চালুর চেষ্টা চালাবে।”
দাবা নিয়ে এই আয়োজনে কানাডা প্রবাসী অভিভাবকরা তাদের সন্তানদের নিয়ে অনুষ্ঠানে যোগ দেন। ছেলে-মেয়েদের জন্য দাবা খেলারও আয়োজন করা হয়।
