২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রাম্পের বিরুদ্ধে আইনি লড়াইয়ের হুমকি নিউ ইয়র্ক মেয়রের

যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডেনাল্ড ট্রাম্প মুসলমানদের বিশেষ তালিকাভুক্তি ও অভিবাসীদের ঢালাও বহিষ্কারের সিদ্ধান্ত নিলে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছেন নিউ ইয়র্কের মেয়র বিল ডি ব্লাসিয়ো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2016, 01:59 PM

Updated : 20 Aug 2022, 02:18 PM

সোমবার সকালে ডাউন টাউনে ঐতিহাসিক কুপার ইউনিয়নের গ্রেইট হলে ব্লাসিয়ো বলেন, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে সব জাতিগোষ্ঠীর মহামিলন কেন্দ্র আমেরিকার সংবিধানে নাগরিকদের মৌলিক অধিকার নিশ্চিত করার কথা বলা হয়েছে।

“এ অবস্থায় প্রেসিডেন্ট যদি সংবিধানপরিপন্থী হয়ে সামাজিক ও রাষ্ট্রীয় সম্প্রীতির বন্ধনকে বিপন্ন করার পদক্ষেপ নেন তবে তার বিরুদ্ধে আইনি লড়াইয়ের কোনো বিকল্প থাকবে না।”

ডোনাল্ড ট্রাম্পের নেওয়া গণবিরোধী যে কোনো পদক্ষেপ রুখে দেওয়ার জন্যও সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান তিনি।

‘বিদ্বেষমূলক হামলা’র সংখ্যা বৃদ্ধি ও ট্রাম্প প্রশাসনের ‘কট্টরপন্থায়’ উদ্বেগের মধ্যে ডেমোক্র্যাটিক পার্টির মেয়র ব্লাসিয়ো গ্রেইট হলে মুসলমান ও অভিবাসীদের পাশে থাকার ঘোষণা দেন।

এই হলেই ১৮৬০ সালের ২৭ ফেব্রুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন দাস প্রথা রুখে দাঁড়ানোর ডাক দিয়েছিলেন।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের পর গত দুই সপ্তাহে দেশটিতে ৭ শতাধিক বিদ্বেষমূলক হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় আক্রান্তদের অধিকাংশই মুসলিম অভিবাসী।

এ সময়ের মধ্যে নিউ ইয়র্কেই চার শতাধিক বিদ্বেষমূলক হামলার অভিযোগ পাওয়া গেছে বলে দ্য সাউথ পভার্টি ল সেন্টারের এক প্রতিবেদনে বলা হয়েছে।

নিউ ইয়র্ক প্রশাসনের কর্তাব্যক্তিরা নির্বাচনের পর দেওয়া বিভিন্ন বার্তায় অভিবাসীদের পাশে থাকার ঘোষণা দিয়ে আসছেন; এরই মধ্যে অভিবাসী ও মুসলমানদের ‘দুশ্চিন্তা’ ঠেকাতে গভর্নর অ্যান্ড্রু ক্যুমোর অফিসে একটি হটলাইন বসানো হয়েছে।

এ হটলাইন নাম্বারে ফোন করে আক্রান্তরা হামলার ঘটনা অবহিত ও দ্রুত সাহায্য চাইতে পারবেন। ‘বৈধ’ না হওয়ার কারণে কোনো অভিবাসী যদি ‘আতঙ্কের’ মধ্যে থাকেন তাদেরও ওই হটলাইনের মাধ্যমে যথাযথ সহায়তা করার আশ্বাস দেওয়া হয়েছে।    

গত সপ্তাহে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করে মেয়র তার ‘অভিবাসীবান্ধব’ অবস্থানের কথা জানিয়ে এসেছেন বলে বিভিন্ন গণমাধ্যমের খবর।

নিউ ইয়র্কের কাউকে ‘ইমিগ্রেশন স্ট্যাটাসের’ কারণে বহিষ্কার এবং মুসলমানদের নজরদারির আওতায় না আনতেও ট্রাম্পকে অনুরোধ জানান তিনি।

উত্তরে ট্রাম্প নিজের অবস্থানে অনড় থাকার কথা জানিয়ে বলেন, ফেডারেল প্রশাসনের নির্দেশ যারা কার্যকর করতে টালবাহানা করবে, তাদেরকে অনুদান দেওয়া হবে না।

অনেকেরই আশঙ্কা, টুইন টাওয়ারে হামলা ঘটনার পর অভিবাসীদের জন্য ২০০২ সালের শেষ দিকে বুশ প্রশাসনের নেওয়া দমনমূলক পদক্ষেপগুলো ফিরিয়ে আনবেন ট্রাম্প।

এর মধ্যে পর বুশ প্রশাসন মুসলিম-আমেরিকানদের বিশেষ নিবন্ধন প্রক্রিয়া চালু করে। এছাড়া বাংলাদেশসহ ২৫টি রাষ্ট্রকে ‘বিপজ্জনক’ হিসেবে চিহ্নিত করা হয়। এসব দেশ থেকে যারাই যুক্তরাষ্ট্রে যেতেন তাদেরকে বিশেষ নিরাপত্তা বেষ্টনী অতিক্রম করতে হত; যাতায়াত করতে হত নির্দিষ্ট এয়ারপোর্ট দিয়ে।

২০১১ সালে ওবামা ‘বিতর্কিত’ এসব ব্যবস্থা বাতিল করেছিলেন। ট্রাম্প প্রশাসনের ‘কট্টর’ অবস্থানের কারণে মুসলিম অভিবাসীদের চাকরি এবং তাদের আত্মীয়দের যুক্তরাষ্ট্রে নিয়ে আসার পথ রুদ্ধ হয়ে পড়বে বলেও ধারণা করা হচ্ছে।

এদিকে রিপাবলিকান প্রার্থী ট্রাম্পের জয় যুক্তরাষ্ট্রকে ‘বিভক্ত করবে’ বলে গ্যালাপের এক টেলিফোন জরিপে উঠে এসেছে।

সোমবার প্রকাশিত ওই জরিপে দেখা যাচ্ছে, ট্রাম্পের জয়ের পর যুক্তরাষ্ট্রে মূল্যবোধের বিপর্যয় ঘটার আশঙ্কা করছেন ৭৭ শতাংশ আমেরিকান। ৮ত শতাংশ ডেমোক্রেট সমর্থকদের মত ৬৮ শতাংশ রিপাবলিকানেরও ধারণা- আমেরিকায় ভাঙন ধরেছে।

৪৯ শতাংশ বলছেন, ট্রাম্প মার্কিন সমাজ ব্যবস্থাকে ‘আরও বিভক্ত করবেন’।