বিদেশে শ্রমিক পাঠাতে ভোকেশনাল ট্রেনিংয়ের তাগিদ
বাংলাদেশ থেকে বিদেশে শ্রমিক পাঠানোর আগে তাদেরকে ভোকেশনাল ট্রেনিং দিয়ে পাঠানো উচিত বলে তাগিদ দিয়েছেন প্রবাসী বাংলাদেশি শ্রমিকরা।
রোববার কুয়ালামপুরের বার্জায়া টাইম স্কয়ার হোটেলে 'বাংলাদেশ গ্লোবাল সামিট' এর দ্বিতীয় দিনে এক সেমিনারে প্রবাসী শ্রমিক বক্তারা এ তাগিদ দেন।
বক্তারা বলেন, দেশের বৃহত্তর তরুণ সমাজ যারা স্কিল নয়, সেমি-স্কিলও নয়, তাদেরকে সরাসরি বিদেশ না পাঠিয়ে ভোকেশনাল ট্রেনিং দিয়ে স্কিল বা সেমি-স্কিল হিসেবে গড়ে তোললে তারা বিদেশে গুরুত্ব পাবেন। বেশি বেতনে কাজ করতে পারবেন, মর্যাদাপূর্ণ কাজ করতে পারবেন।
প্রবাসীদের সংগঠন 'অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন'(এইবিএ) আয়োজিত সম্মেলনের এ সেমিনারে বিজিএমই'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, ''আমাদের ভিশন ২০২১ ও ২০৪১ বাস্তবায়ন করতে হলে দেশে ভোকেশনাল শিক্ষা বাড়াতে হবে।''
তিনি বলেন, ''জেনারেল শিক্ষা কমিয়ে টেকনিক্যাল শিক্ষায় জোর দিতে হবে।''
ইএবিএ'র সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ এর স্বাগত বক্তব্যের পর সেমিনারে প্যানেল বক্তা হিসেবে বক্তব্য দেন যুক্তরাষ্ট্র প্রবাসী অভিবাসন আইনজীবী তাহমিনা ওয়াটসন, জাপান প্রবাসী চিকিৎসক শেখ আলীমুজ্জান, অস্ট্রেলিয়া প্রবাসী কামরুল, নিউজিল্যান্ড প্রবাসী গাজী এহসানসহ প্রবাসে প্রতিষ্ঠিত বাংলাদেশিরা।
বিকালে পর্যটন বিষয়ক আরেকটি সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন কাজী ওয়াহিদুর রহমান। প্রবন্ধের উপর বক্তব্য রাখেন একুশে টিভির সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, অধ্যাপক সৈয়দ ফরহাদ আনোয়ার, লন্ডন প্রবাসী আইনজীবী মনোয়ার হোসেন ও বিবিসি বাংলা বিভাগের প্রধান সাবির মোস্তাফা।
