২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দলের জন্য লেগে থাকতে হয়: ওবায়দুল কাদের

নিউ ইয়র্কে টেলিফোন করে আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের নেতা-কর্মীদের নিরবচ্ছিন্নভাবে দলের কাজে আত্মনিয়োগ করার পরামর্শ দিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2016, 01:43 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

দলের ২০তম জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা সভাপতি ও ওবায়দুল কাদের সাধারণ সম্পাদক হওয়ায় রোববার রাতে ব্রুকলিনের গ্রিনহাউজ পার্টি সেন্টারে ‘আনন্দ-উৎসবের’ আয়োজন করে নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগ।

ঢাকা থেকে টেলিফোনে ওই অনুষ্ঠানের উদ্বোধন করেন ওবায়দুল কাদের। যুক্তরাষ্ট্র ও নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। টেলিফোনে দেওয়া তার বক্তব্য মাইকের মাধ্যমে উপস্থিত নেতা-কর্মীদের কাছে সরাসরি সম্প্রচার করা হয়।

আওয়ামী লীগ সম্পাদক, “দলের জন্যে লেগে থাকতে হয়। মেঘ-বৃষ্টি-ঝড় অনেক কিছুই আসে, সেসব মোকাবেলা করতে হয় নিষ্ঠার সাথে। আর এমন চ্যালেঞ্জ মোকাবেলা করাই হচ্ছে আওয়ামী লীগের ইতিহাস।”

দলের জন্য ত্যাগ স্বীকার করতে নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে নব নির্বাচিত সাধারণ সম্পাদক বলেন, “দলের জন্যে ত্যাগ স্বীকার কখনো বৃথা যায় না। আমিই এর বড় প্রমাণ।”

Image
নিউ ইয়র্ক: টেলিফোনে ওবায়দুল কাদেরের কথোপকথন সমন্বয় করছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী।

নিউ ইয়র্ক: টেলিফোনে ওবায়দুল কাদেরের কথোপকথন সমন্বয় করছেন নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী।

দলে থাকা ‘মৌসুমী পাখি’ আর ‘বসন্তের কোকিল’দের সম্পর্কে সজাগ থাকার উপদেশ দেন ওবায়দুল কাদের।

পরবর্তী জাতীয় নির্বাচনে জয়ের জন্য আওয়ামী লীগ কাজ শুরু করেছে জানিয়ে তিনি বলেন, “সকল অঙ্গ ও সহযোগী সংগঠনকে শৃঙ্খলাবদ্ধ করা হচ্ছে। কিছু কিছু কলহ-বিবাদ রয়েছে। তা মোকাবেলা করতে টিমওয়ার্ক শুরু করেছি।”

জনগণের ‘প্রত্যাশার প্রতিফলন’ হিসেবেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র পদে বর্তমান মেয়র সেলিনা হায়াৎ আইভীকে মনোনয়ন দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশের ভাবমূর্তি সমুন্নত রাখতে ঐক্যবদ্ধ থেকে আন্তর্জাতিক মহলের সঙ্গে সম্পর্ক জোরদার করতে প্রবাসী নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানান কাদের।

নিউ ইয়র্ক আওয়ামী লীগের সভাপতি নূরনবী কমান্ডার, জ্যেষ্ঠ সহ-সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ-সভাপতি মাহবুবুর রহমান, যুগ্ম সম্পাদক আইরিন পারভিন, সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোজাহিদুল ইসলাম, ত্রাণ ও পুনর্বাসন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, উপ-প্রচার সম্পাদক তৈয়বুর রহমান টনি, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী, স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীন আজমল এসময় উপস্থিত ছিলেন।