মালয়েশিয়ায় ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ শেষ হলো
মালয়েশিয়ায় প্রথমবারের অনুষ্ঠিত ‘বাংলাদেশ গ্লোবাল সামিট’ শেষ হয়েছে।
স্থানীয় সময় শনি ও রোববার কুয়ালামপুরের বার্জায়া টাইম স্কয়ার হোটেলে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
ইউরোপে বসবাসরত ৩০টি দেশের প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন(এইবিএ)’ এ সম্মেলনের আয়োজন করে।
শনিবার সম্মেলনের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাই-কমিশনার মো. শহীদুল ইসলাম।
সম্মেলনে স্বাগত বক্তব্য দেন এইবিএ'র সভাপতি প্রকৌশলী জয়নাল আবেদিন ও সাধারণ সম্পাদক কাজী এনায়েত উল্লাহ ইনু।
সম্মেলনে বক্তারা রেমিটেন্স পাঠিয়ে দেশের অর্থনীতির চাকা সচল রাখা প্রবাসীদের স্বার্থ সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতের আহ্বান জানান।
প্রবাসীদের মৃতদেহ রাষ্ট্রীয় খরচে দেশে পাঠানোর ব্যবস্থা করতে সরকারের প্রতি দাবি জানান বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসীরা।
এছাড়া আরও বক্তব্য দেন- দৈনিক সংবাদ প্রতিদিন সম্পাদক আবেদ খান, একুশে টেলিভিশনের সিইও মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম, সময় টেলিভিশনের সিইও আহমেদ জোবায়ের, দৈনিক ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত, বাংলানিউজের কনট্রিবিউটিং এডিটর মাহমুদ হাফিজ, পূর্ব-পশ্চিমবিডি ডটনিউজ সম্পাদক পীর হাবিবুর রহমান, বিজিএমই'র সাবেক সভাপতি আতিকুল ইসলাম ও অধ্যাপক ফরহাদ আনোয়ার।
প্রবাসীদের মধ্যে বক্তব্য দেন মালয়েশিয়ার ব্যবসায়ী মকবুল হোসেন মুকুল, যুক্তরাষ্ট্র প্রবাসী হাকিকুল ইসলাম খোকন, তাহমিনা ওয়াটসন ও মায়া নেহাল, কোরিয়া প্রবাসী আবু বকর সিদ্দিক রানা, সিংগাপুর প্রবাসী এম এ রহীম, মো. সাখাওয়াত হোসেন, সিকদার গিয়াস উদ্দিন, মাহবুব সিরাজ, সিংগাপুর থেকে প্রকাশিত বাংলা পত্রিকা বাংলার কণ্ঠ'র সম্পাদক এ কে এম মহসীন, অস্ট্রেলিয়া প্রবাসী সরওয়ার কামাল এবং জাপান প্রবাসী শেখ আলীমুজ্জামান।
প্রবাসীরা অনেক প্রতিকূলতা পেরিয়ে বিদেশে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত হওয়ার গল্প ও বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।
