২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্যারিসে ফ্রেঞ্চ-বাংলা স্কুলের বর্ষপূর্তি

ফ্রান্সের একমাত্র বাংলা স্কুল ‘ফ্রেঞ্চ-বাংলা স্কুল’ এর প্রথম বর্ষপূর্তি উদযাপিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোয়াজ্জেম হোসেন তারা,ফ্রান্সের প্যারিস থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Nov 2016, 05:28 PM

Updated : 11 Oct 2022, 09:21 PM

স্থানীয় সময় শনিবার ফ্রান্সের রাজধানী প্যারিসের হোটেল দ্যু ভিল লাকুরনভে এ অনুষ্ঠান পালিত হয়েছে।

‘বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ, ফ্রান্স শাখা’ এ বাংলা স্কুলটি পরিচালনা করছে।

অনুষ্ঠানের শুরুতে ১৯৫২-এর ভাষা শহীদ ও ১৯৭১ এর মুক্তিযুদ্ধকালে নিহত ৩০ লাখ শহীদের প্রতি সম্মান জানিয়ে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন করা হয়।

স্কুলটির শিক্ষক সাঈদা আক্তারের শুভেচ্ছা বক্তব্য দেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংহতি পরিষদ,ফ্রান্স শাখার সম্মানিত সভাপতি ও ‘ফ্রেঞ্চ বাংলা স্কুলে’র প্রধান উদ্যোক্তা মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম মিয়া জামিল,সাধারণ সম্পাদক মো.জাফর শাহ,কোষাধ্যক্ষ আনোয়ারুল হক,স্কুলের পরিচালক ফাতেমা বেগম ও হাসনাত জাহান এবং অভিভাবকদের পক্ষে বলরাম রাজ ও নিপু হোসেন।

সভাপতি তার বক্তব্যে বলেন,মাতৃভাষার প্রতি নিজের দায়বদ্ধতা ও ফ্রান্সে জন্ম নেওয়া সন্তানদের মাতৃভাষা বাংলা ও মুক্তিযুদ্ধের ইতিহাস সম্পর্কে জানাতে এ স্কুলের জন্ম।

এ সময় পৃথিবীর বুকে ভাষার জন্য জীবন দেয়া একমাত্র জাতি এবং দীর্ঘ নয় মাস মুক্তিসংগ্রামের মাধ্যমে বাংলাদেশ জন্মলাভের বৃত্তান্ত তুলে ধরেন তিনি।

স্কুলের পরিচালক হাসনাত জাহান ও ফাতেমা বেগম গত এক বছরের স্কুলের সাফল্য ও শিক্ষার্থীদের অর্জন এবং তাদের অভিভাবকদের প্রচেষ্টাকে অভিনন্দন জানান।

শিক্ষক রাণী তাহেরের উপস্থাপনায় শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।

শিক্ষার্থীরা দেশাত্মবোধক গান ও কবিতা আবৃত্তির মাধ্যমে প্রবাসে মাতৃভূমিকে স্মরণ করে। চিত্রশিল্পী আব্দুল হামিদ ভুঁইঞার উপস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কনের পুরস্কার তুলে দেওয়া হয়।

এছাড়া স্কুলের সাংস্কৃতিক শিক্ষক ইসরাত জাহান ফ্লোরা,প্যারিসের জনপ্রিয় কণ্ঠশিল্পী সোমা দাস ও অন্যান্য শিল্পীরা দেশাত্মবোধক ও আধুনিক গান গেয়ে শোনান।

অনুষ্ঠানের শেষ পর্বে মোমবাতি জ্বালিয়ে কেক কেটে বর্ষপূর্তির সমাপ্তি ঘোষণা করেন ফ্রেঞ্চ-বাংলা স্কুল ও বাংলাদেশ মু্ক্তিযোদ্ধা সংহিত পরিষদ,ফ্রান্স শাখার সভাপতি জামিলুর ইসলাম মিয়া।