ফ্রান্সে ‘আয়নাবাজি’ চলচ্চিত্রের প্রিমিয়ার শো
বহুল আলোচিত,ব্যতিক্রমধর্মী ও আন্তর্জাতিক মানের বাংলা ছবি ‘আয়নাবাজি’র প্রিমিয়ার শো ফ্রান্সে অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকালে প্যারিসের পাবলিসি সিনেমায় চলচ্চিত্রটির আনুষ্ঠানিক প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়।
প্রিমিয়ার শো’র উদ্বোধন করেন ছবিটির পরিচালক অমিতাভ রেজা।
ফ্রান্সের ভাষা শিক্ষা প্রতিষ্ঠান ‘আভেক রাব্বানী স্কুলে’র সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফ্রান্স প্রিমিয়ার শো’র আয়োজক কৌশিক রাব্বানী খান।
এছাড়া চলচ্চিত্রটি নিয়ে বক্তব্য রাখেন- বাংলাদেশ দূতাবাস ফ্রান্সের হেড অব চ্যান্সারি হজরত আলী খান,চিত্রনাট্যকার গাউসুল আলম শাওন,প্রযোজক জিয়াউদ্দিন আদিল,ফ্রান্স আভেক রাব্বানী স্কুলের চেয়ারম্যান ফারুক খান,চলচ্চিত্র নির্মাতা স্বপন আহমেদ,সাংবাদিক আবু তাহিরসহ আরও অনেকে।
বক্তারা বলেন,মনস্তাত্ত্বিক থ্রিলার ধাঁচের এ ধরনের সিনেমা তৈরি হতে থাকলে বাংলাদেশের সিনেমায় সুদিন ফিরবেই।এতে করে দেশে-বিদেশে বাংলাদেশের মুখ উজ্জ্বল হবে এবং আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি ভালো অবস্থান তৈরি করতে পারবে।
ছবিটি ফ্রান্সের বিভিন্ন সিনেমা হলে এক সপ্তাহ চলবে বলে জানান আয়োজকরা।
