নিউ ইয়র্কে ভাসানী স্মরণ-সমাবেশ ২০ নভেম্বর
মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ফাউন্ডেশন’ নিউ ইয়র্কে একটি স্মরণ সমাবেশের আয়োজন করেছে।
আগামী ২০ নভেম্বর রোববার জ্যাকসন হাইটসের মেজবান রেস্তোরাঁয় সংগঠনটির ‘তৃতীয় আন্তর্জাতিক সম্মেলন’-এ এই স্মরণ সমাবেশ হবে।
‘রাজনৈতিক চরিত্র নির্মাণে মওলানা ভাসানীর শিক্ষা’ শিরোনামে একটি আলোচনা অনুষ্ঠান হবে এই সম্মেলনে।
ফাউন্ডেশনের সভাপতি দেওয়ান সামসুল আরেফীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আলোচনায় প্রধান অতিথি থাকবেন মওলানা ভাসানীর সহচর,সাবেক মন্ত্রী মোস্তফা জামাল হায়দার। বিশেষ অতিথি থাকবেন ভাসানীর কর্মী,সাবেক মন্ত্রী সাদেক হোসেন খোকা ও ভাসানীর উপর পিএইচডি ডিগ্রিপ্রাপ্ত কানাডার ডাউসন কলেজের অধ্যাপক আবিদ বাহার।”
সেমিনার ছাড়াও সম্মেলনের কর্মকাণ্ডের মধ্যে থাকবে ভাসানীর উপর স্থিরচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী,ভাসানী ফাউন্ডেশনের বিভিন্ন প্রকাশনা ও বই প্রদর্শনী, স্মরণিকা প্রকাশ, আবৃত্তি ও গণসঙ্গীতের আসর।
কৃষক-শ্রমিক আন্দোলনের অন্যতম পুরোধা ভাসানী ১৮৮০ সালের ১২ ডিসেম্বর সিরাজগঞ্জের ধনগড়া গ্রামে জন্মগ্রহণ করেন।
১৯৭৬ সালের ১৭ নভেম্বর ৭৬ বছর বয়সে ঢাকায় ভাসানীর মৃত্যুর পর তাকে টাঙ্গাইলের সন্তোষে দাফন করা হয়।
