যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের সেবায় ‘ফোবানা’
যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশিদের শীর্ষ সংগঠন ফোবানা (ফেডারেশন অব বাংলাদেশি অ্যাসোসিয়েশন ইন নর্থ আমেরিকা) প্রবাসীদের কল্যাণমুখী বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে।
‘ফোবানা ইসি’ নামে ফোবানা নির্বাহী কমিটির একটি অনলাইন সাইট থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এসব সেবা কর্মসূচিতে প্রবাসী কর্মীদের আহ্বান করা হয়েছে।
ফোবানা ইসি’র ওই ঘোষণায় বলা হয়, ‘আপনি কি একজন শিল্পী যিনি উত্তর আমেরিকার বিভিন্ন শহরে অনুষ্ঠান করতে চান? আপনি কি একজন প্রবাসী যিনি বাংলাদেশকে নিয়ে ভাবেন? বাংলাদেশের জন্য ভালো কিছু করতে চান? বাংলাদেশে বিনিয়োগ করতে চান অথবা বাংলাদেশে গিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চান? আপনি কি একজন ইঞ্জিনিয়ার বা ডাক্তার বা শিক্ষক বা ব্যবসায়ী? তাহলে ফোবানা ফর বাংলাদেশ আপনার জন্য।’
ফোবানার উদ্যোগে ইতোমধ্যে উত্তর আমেরিকায় বসবাসরত নারীদের দাম্পত্য-কলহজনিত সমস্যা সমাধানে একটি বিশেষ সেল কাজ করে যাচ্ছে।
চালু করা হয়েছে অনলাইনভিত্তিক “ফোবানা ফর বাংলাদেশ” নামে একটি সাইট, যার মাধ্যমে বাংলাদেশের উন্নয়নে সরকার ও বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রবাসীদের অংশগ্রহণ বাড়ানো যায়।
এছাড়া সম্প্রতি আটলান্টায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে প্রবাসে বাংলাদেশি পাত্র-পাত্রী খোঁজার একটি ওয়েবসাইট।
ফোবানা ইসি ঘোষিত ওই বিজ্ঞপ্তিতে আগ্রহীদের www.fobanaonline.com এই ঠিকানায় যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।
