২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ওয়াশিংটনে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত

যথাযথ মর্যাদা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাসে ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস পালন করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

শিব্বীর আহমেদ, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Nov 2016, 10:13 PM

Updated : 11 Oct 2022, 09:20 PM

স্থানীয় সময় বৃহস্পতিবার দূতাবাসের বঙ্গবন্ধু অডিটোরিয়ামে দিনটি উপলক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল জিনা এম গ্রুসো।

অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন এবং প্রতিরক্ষা অ্যাটাচি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শামসুজ্জামান, এওডব্লিউসি, পিএসসি, আগত আমন্ত্রিত অতিথিদের উদ্দেশে স্বাগত বক্তব্য দেন ।

১৯৭১ সালের ২১ নভেম্বর বাংলাদেশের গৌরবোজ্জ্বল স্বাধীনতা সংগ্রামে সেনা, নৌ ও বিমানবাহিনী যৌথভাবে পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করে। এ দিনটির স্মরণে প্রতিবছর বাংলাদেশ সশস্ত্র বাহিনী দিবস হিসেবে পালন করে থাকে।

অনুষ্ঠানের শুরুতেই বাংলাদেশ ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়।

যুক্তরাষ্ট্র বিমান বাহিনীর ডেপুটি চিফ লেফটেন্যান্ট জেনারেল জিনা এম গ্রুসো তার শুভেচ্ছা বক্তব্যে বলেন, “যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধি দিনে দিনে বৃদ্ধি পেয়েছে।

“দুর্যোগ মোকাবেলায় আমেরিকা বাংলাদেশ যৌথ সামরিক মহড়াসহ বিভিন্ন পর্যায়ে দুই দেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্কের মধ্য দিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছে।”

বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রে আঘাত হানা হ্যারিকেন ক্যাটরিনার সময় বাংলাদেশ সরকার ও বাংলাদেশ সামরিক বাহিনীর সদস্যদের সহযোগিতার কথা উল্লেখ করেন। 

তিনি বলেন, “আমেরিকা ও বাংলাদেশের মধ্যে সামরিক ক্ষেত্রেই নয়, দুই দেশের জনগণের মধ্যেও সুসম্পর্ক বজায় আছে যা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে।”

রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন বক্তব্যে সশস্ত্র বাহিনীর সদস্যসহ বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করেন।

সদ্য স্বাধীনতাপ্রাপ্ত বাংলাদেশে একটি আধুনিক সশস্ত্র বাহিনী গড়ে তুলতে অবিস্মরণীয় অবদানের জন্য তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

তিনি বলেন, “বাংলাদেশ সশস্ত্র বাহিনী প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা, অবকাঠামোগত উন্নয়ন এবং কম্পিউটারাইজড জাতীয় পরিচয়পত্র তৈরিতে বিশেষ ভূমিকা পালন করেছে।”

“বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্যগণ জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে অগ্রণী ভূমিকা পালনের মাধ্যমে বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি বহুলাংশে উজ্জ্বল করেছে।”

স্বাগত ও শুভেচ্ছা বক্তব্য শেষে ৪৫তম সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে কেক কাটা হয় এবং পরে অনুষ্ঠানে আগত অতিথিদের মধ্যে বাংলাদেশি রাতের খাবার পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে রাষ্ট্রদূত, প্রতিরক্ষা অ্যাটাচি, মার্কিন পররাষ্ট্র দপ্তর ও পেন্টাগনের উচ্চ পদস্থকর্মকর্তা, মিডিয়া প্রতিনিধি, বিভিন্ন দূতাবাসের সামরিক অ্যাটাশে, কর্মকর্তাবৃন্দ, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশ সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত অফিসার, প্রবাসী বাংলাদেশি এবং বাংলাদেশ দূতাবাসের সব কর্মকর্তা-কর্মচারিসহ অনেক অতিথি উপস্থিত ছিলেন ।