আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় বাংলাদেশের ডাক
যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখতে জাতিসংঘভুক্ত রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৭১তম অধিবেশনে সার্কভুক্ত দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে এক আলোচনায় বৃহস্পতিবার জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেন এ আহ্বান জানান।
তিনি বলেন, “আফগানিস্তানে সন্ত্রাসী ও উগ্র মৌলবাদীদের অব্যাহত হুমকির বিষয়ে বৈশ্বিক উদ্বেগের সঙ্গে আমরা একাত্ম। সেখানে টেকসই উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় সহযোগিতা অব্যাহত রাখা প্রয়োজন।”
দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক ‘গভীর ও বিস্তৃত’ করাকে বাংলাদেশ সর্বোচ্চ গুরুত্ব দেয় মন্তব্য করে আফগানিস্তানের উন্নয়নে সব ধরণের সহায়তা দিতে বাংলাদেশ প্রস্তুত বলেও জানান রাষ্ট্রদূত।
“নারীর ক্ষমতায়ন, অনানুষ্ঠানিক শিক্ষা, কমিউনিটি স্বাস্থ্যসেবা, পানি ও পয়ঃনিষ্কাশন, মানব সম্পদ উন্নয়ন, বিচার ব্যবস্থার সংস্কার, ব্যাংকিং ও আর্থিক খাত সংস্কার, দুর্যোগ ব্যবস্থাপনা, কৃষি সম্প্রসারণ, যুব উন্নয়ন এবং সামাজিক ও মানবিক বিভিন্ন কর্মসূচিতে সহযোগিতা দিতে বাংলাদেশ প্রস্তুত।”
রাষ্ট্রদূত আঞ্চলিক কানেকটিভিটির কেন্দ্র হিসেবে আফগানিস্তানের ব্যাপক সম্ভাবনাকে কাজে লাগানোর উপরও জোর দেন।
“এটি দক্ষিণ এশিয়ার দুই বিলিয়ন মানুষের জন্য উন্নয়নের নতুন দ্বার উন্মোচিত করতে ভূমিকা রাখবে”, বলেন তিনি।
বক্তৃতায় জাতিসংঘে বাংলাদেশের এ প্রতিনিধি ‘ট্রান্সন্যাশনাল অর্গানাইজড ক্রাইম’ খ্যাত নিষিদ্ধ মাদক পাচার রোধে তদারকি, গোয়েন্দা তৎপরতা বাড়ানো, তদন্ত ও আইন প্রয়োগের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা বৃদ্ধির উপরও জোর দেন।
বাংলাদেশ ছাড়াও আরও বেশ কয়েকটি দেশের প্রতিনিধিরা জাতিসংঘ সাধারণ পরিষদে আফগানিস্তান বিষয়ক এ আলোচনায় অংশ নেন। পরে সর্বসম্মতিক্রমে ‘দ্য সিচুয়েশন ইন আফগানিস্তান’ শীর্ষক রেজ্যুলেশন গ্রহণ করা হয়।
