২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

'সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি'র মহাসমাবেশে ইতালিতে সংহতি

'সুন্দরবন রক্ষা জাতীয় কমিটি'র ডাকে 'চলো চলো ঢাকা চলো' মহাসমাবেশে সংহতি জানিয়ে প্রবাসী বাংলাদেশিরা ইতালিতে এক আলোচনা সভা ও গণসংগীতের অনুষ্ঠান করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

এহতেশামুল হক শিপলু, ইতালি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 06:40 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

স্থানীয় সময় রোববার বিকালে ইতালির বোলোনিয়া শহরে সামাজিক-সাংস্কৃতিক সংগঠন 'সচেতন নাগরিক সমাজ'-এর উদ্যোগে এ সংহতি সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা ২৪ থেকে ২৬ নভেম্বর বাংলাদেশে জাতীয় কমিটির আহ্বানে ঢাকার মহাসমাবেশে সংহতি জানান।

সংগঠনের আহ্বায়ক এহতেশামুল হক শিপলু তার বক্তব্যে বলেন, "মা যেমন শিশুকে সকল দুর্যোগ থেকে আগলে রাখে, তেমনি বাংলাদেশের সুন্দরবন প্রাকৃতিক দুর্যোগ থেকে দেশকে সন্তানের মত তার প্রাকৃতিক প্রাচীর বনভূমি দিয়ে রক্ষা করে।

"উন্নয়নের নামে ভারতের স্বার্থ, দেশের কিছু মুনাফাখোর ব্যবসায়ীর স্বার্থ রক্ষা ও শাসকরা ক্ষমতার দম্ভে জনমতকে উপেক্ষা করে রামপাল চুক্তি করেছে।"

তিনি ভবিষ্যতে দেশকে ভয়াবহ দুর্যোগ ও দূষণ থেকে বাঁচাতে সকলকে গণ-আন্দোলনের মধ্য দিয়ে রামপাল চুক্তি বাতিল করার আহ্বান জানান।

সভার সভাপতি শেখ মুরাদ বলেন, "উন্নয়নের নামে পরিবেশ ধ্বংস মেনে নেয়া যায় না। বিদ্যুৎ উৎপাদন  করার জন্য অনেক বিকল্প আছে, তাই কয়লাভিত্তিক রামপাল বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে দেশে-বিদেশে জনমত গড়ে তুলুন।"

সংগঠনের সদস্য সচিব শেখ মুরাদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- সদস্য মিঠূ শামিম,জিল্লুর রহমান, শরিফুর রহমান শিমুল, রিমন চৌধুরী, নাসির উদ্দিন ইমন, আজাদ হোসেন এবং বদরুল আলম ফয়সাল।

সভা শেষে প্রতিবাদী কবিতা ও গান পরিবেশন করে নিঝু, মিতা, শিল্পী, অনিতা, ফারহা, জিল্লুরসহ কয়েকজন প্রবাসী বাংলাদেশি।

সমাবেশে প্রবাসীরা ব্যানার, লিফলেট বিতরণসহ রামপাল চুক্তি বাতিলের দাবি সম্বলিত টি-শার্ট পরে যোগ দেন।