২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ায় বাংলাদেশি শিক্ষার্থীদের সাংস্কৃতিক অনুষ্ঠান

মালয়েশিয়ায় বাংলাদেশি ছাত্রছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি সাংস্কৃতিক অনুষ্ঠান 'বাংলাদেশ স্টুডেন্টস নাইট' (বিএসএন) এর পঞ্চম আসর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রফিক আহমদ খান, মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2016, 04:56 PM

Updated : 11 Oct 2022, 09:03 PM

শনিবার স্থানীয় সময় সন্ধ্যায় মালয়েশিয়ার মালায়া বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর অডিটোরিয়ামে এটি অনুষ্ঠিত হয়।
বিএসএন'র পরিচালক রাশিক হায়দারের স্বাগত বক্তব্যের পর কুয়ালালামপুর বাংলাদেশ হাই কমিশনের কাউন্সিলর সাইদুর রহমান তার বক্তব্যে বাংলাদেশের গৌরবময় ইতিহাস তুলে ধরেন।

বিশেষ অতিথি মালায়া বিশ্ববিদ্যালয়ের সহযোগী উপাচার্য অধ্যাপক কামিলা গাযালি বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের হাতে 'বিএসএন অ্যাওয়ার্ড' তুলে দেন।

এরপর ছেলে মেয়েরা ফতোয়া, লুঙ্গি, মাথায় গামছা ও গ্রামীণ চেকের শাড়ি পরে মঞ্চে আসেন। 'বাজেরে বাজেরে বাজে বাংলাদেশের ঢোল, দেখরে দেখরে দেখ কেমনে বাজে বাংলাদেশের ঢোল' গানের তালে নাচ দিয়ে মূল সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়।

বাংলাদেশের পতাকার রঙের আদলে লাল-সবুজে গড়া মঞ্চ আর বাংলা গানের সাথে ছিলো নাচ। পারফর্মার মেয়েদের সাজে শাড়ি, ছেলেদের লুঙ্গি, পাঞ্জাবি, মাথায় গামছা, হাতে একতারা, দোতারা, কারো হাতে লাল সবুজ পতাকা- সবকিছু মিলে মালয়েশিয়ার বুকে যেন একখণ্ড বাংলাদেশ। মনে হচ্ছিল পুরো বাংলাদেশটা চোখের সামনে।
অনুষ্ঠানে বাংলাদেশ থেকে আসা ব্যান্ডদল 'শিরোনামহীন' গান গেয়ে শোনায়।

ক্রিকেট পাগল বাঙালির সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্রিকেট কীভাবে বাদ যায়! না, বাদ যায়নি। মঞ্চে  'চার চক্কা হই হই, বল গড়িয়ে গেল কই' গানের তালে ছেলেদের নাচ আর অডিটোরিয়ামজুড়ে চলে টাইগারভক্ত তরুণ-তরুণীদের উল্লাস।

অনুষ্ঠানে মালায়া বিশ্ববিদ্যালয় ছাড়াও ইউপিএম, ইউকেএম, ইউটিএম, ইউআইএম ও সেগি বিশ্ববিদ্যালয়ের বাংলাদেশি ছাত্রছাত্রীরা বিভিন্ন পরিবেশনায় অংশ নেন।

অনুষ্ঠানটি উপস্থাপনা করেন উম্মুল ওয়ারা অশ্রু, নাফিজা ও মাইনুল।