'হিন্দুরা কি বাংলাদেশে ইমিগ্র্যান্ট বাবা ?'
আমার আট বছরের ছেলেটার জন্ম ইংল্যান্ডে। কিন্তু সে বুঝতে শুরু করেছে সে একজন অভিবাসী। অপরিচিত লোকের সঙ্গে আলাপচারিতায় সে প্রায়ই বলে- তারা এসেছে বাংলাদেশ থেকে।
আমি তাকে একদিন বললাম, ‘তোমার জন্ম এদেশে, তুমি তো ব্রিটিশ!’ সে বললো, ‘জন্ম এদেশে হলেও তোমরা তো এসেছো বাংলাদেশ থেকে।’ আমার ধারণা সে বুঝে গেছে যে কোন দেশে জন্মগ্রহণ করা ছাড়া আরও কিছু অলিখিত নিয়ম থাকে যেগুলো তার পরিচয়কে নির্ধারণ করে। আমি তাকে বলতে পারি না এই নিয়মগুলো তাকে সারা জীবন পরিবেশ, পারিপার্শ্বিক, সমাজের কোন না কোন চরিত্র বারবার মনে করিয়ে দেবে।
যাই হোক, যুক্তরাষ্ট্রের নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের বক্তব্য সে ভালোভাবেই পর্যবেক্ষণ করেছে। বাড়ির আলোচনা, স্কুল, বিবিসি'র রাতের খবর- এগুলো মূলত সূত্র। কোনো কোনো দিন লন্ডনের ট্রেনে বিনামূল্যে দেওয়া সকাল এবং সান্ধ্য সংবাদপত্রগুলো।
নির্বাচনের আগে ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে তার প্রধান সমস্যা ছিলো সে মুসলিমদের আমেরিকাতে ঢুকতে দেবে না। এতে করে তার অনেক বন্ধু আমেরিকাতে যেতে পারবে না।
দ্বিতীয় সমস্যা হলো মেক্সিকোর সাথে প্রাচীর নির্মাণ। ওর ধারণা এতে করে মেক্সিকো সারা পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। মেক্সিকোর একটা বড় জনগোষ্ঠী আমেরিকাতে থাকে এটা তার জানা। “তাহলে ওই মানুষগুলো কিভাবে মেক্সিকোতে স্কুল হলিডে'র সময় ওদের আত্মীয়দের কাছে যাবে?” নির্বাচনের আগে আমি ওকে বলেছি ট্রাম্প জিততে পারবে না। সে আমাকে বলতো, “লেটস হোপ সো”।
বিবিসি'তে রাতের সংবাদ হয় রাত দশটায়। বাচ্চারা তখন সাধারণত গভীর ঘুমেই থাকে। আমি অনেকবার ভেবেছি সংবাদটা যদি বিবিসি একটু এগিয়ে নিয়ে আসে তাহলে বাচ্চারাও সংবাদ দেখতে পারে।
নির্বাচনের পর স্কুল থেকে ফিরে আমার ছেলে একনাগাড়ে আমাকে বলতে শুরু করলো, “আমেরিকানরা কীভাবে একজন বর্ণবাদী, নারীবিদ্বেষীকে ভোট দিলো? তুমি না আমাকে আমেরিকার ইতিহাস পড়ে শোনালে! ওখানে তো অনেক মানুষ ইউরোপ থেকে গিয়েছে। ওরাও তো অভিবাসী। ওরাও তা হলে ট্রাম্পকে ভোট দিলো?”
আমি ওকে বোঝালাম ট্রাম্প যা বলেছে তার অনেক কিছুই হয়তো করতে পারবে না। সে শঙ্কিত হয়ে বললো, “তুমি তো বললে ট্রাম্প জিতবে না, ওতো জিতলো।” সাথে যোগ করলো, “বাবা, ভোট নিয়ে তোমার অনুমানগুলো প্রায় সবই ভুল। তুমি বললে ইউকে ইয়োরোপেই থাকার, কিন্তু ভোটে তো উল্টোটা হলো!”
রাতে ঘুম পাড়াবার সময় আমি ওকে জিজ্ঞাসা করলাম ট্রাম্পকে নিয়ে ওর আতঙ্কের কারণ কী? ঘুমন্ত চোখে ওর খুব সহজ জবাব- 'ওতো ইমিগ্রান্টদের লাইক করে না'।”
সেদিন আমি ইন্টারনেটে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ঘটনা পড়ছিলাম। আমার ছেলে এসে জিজ্ঞাসা করলো, “এ কী হয়েছে? ওরা কাঁদছে কেন? ওদের কি হলো?”
আমি বললাম, “কিছু না।”
ও আবারও বললো, "না, বলো।"
আমি বললাম। আমার আট বছরের ছেলে তখন বললো, “ওরা কি বাংলাদেশেও ইমিগ্রান্ট?”
লেখক: লন্ডন প্রবাসী, বহুজাতিক কোম্পানিতে কর্মরত
