ট্রাম্পের অভিবাসন নীতি নিয়ে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ
ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির সমালোচনা করে অবিলম্বে প্রকাশ্য বিবৃতির মাধ্যমে অভিবাসীদের সুরক্ষা নিশ্চিতের দাবিতে যুক্তরাষ্ট্রে বিক্ষোভ করেছেন প্রবাসীরা।
স্থানীয় সময় রোববার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকো, ফিলাডেলফিয়া, শিকাগো, নিউ হ্যাভেন, পোর্টল্যান্ডসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে প্রবাসীরা বিক্ষোভ করেন।
অভিবাসীদের অধিকার ও মর্যাদা নিয়ে বিভিন্ন সংগঠনের এ কর্মসূচি ছিল ট্রাম্পের ‘অ-আমেরিকান নীতি’র বিরুদ্ধে লাগাতার বিক্ষোভের পঞ্চম দিন।
সমাবেশে বিক্ষোভকারীদের স্লোগান ছিল- ‘ঘৃণা কখনই আমাদের মহান করবে না’, ‘আমরা এখানে স্থায়ীভাবে বসবাসের জন্যই এসেছি’, ‘অবৈধ অভিবাসীরা কখনই অপরাধী নন’, ‘আমেরিকা গড়ে উঠেছে অভিবাসীদেরই রক্ত-ঘামে’, ‘অবৈধ অভিবাসীদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ চাই’, ‘নো হেইট, নো রেসিজম, নো ফ্যাসিজম’, ‘ট্রাম্প ইজ নট মাই প্রেসিডেন্ট’, ‘ডোনাল্ড ট্রাম্পকে সরে যেতেই হবে’, ‘এটাই হচ্ছে গণতন্ত্রের সৌন্দর্য’, ‘ট্রাম্পের ঘৃণাকেই ভালবাসি’।
মেক্সিকান প্রবাসী ক্লাউডিয়া জামোরা বলেন, “আমার মা-বাবার বৈধ কাগজ না থাকা সত্ত্বেও নিয়মিত ট্যাক্স দিচ্ছেন। অন্যদিকে, ডোনাল্ড ট্রাম্প ১৬ বছর কোন ট্যাক্স দেননি। এমন মানুষের মুখে অভিবাসন বিরোধী মন্তব্য মানায় না। ট্যাক্স ফাঁকির জন্য ট্রাম্পের বিরুদ্ধে মামলা হওয়া উচিত।”
মিড টাউন মানহাটানে ট্রাম্পের বাসা এবং ট্রাম্প হোটেলে হামলার আশঙ্কায় আগে থেকেই পুলিশসহ নিরাপত্তা বাহিনীর সদস্যরা জড়ো হন। বালির বস্তা দিয়ে ব্যারিকেড তৈরি করা হয় ট্রাম্প টাওয়ারের সামনে। তবে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি।
অবৈধ অভিবাসীদের গ্রেপ্তার এবং যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের ব্যাপারে আগের অবস্থান থেকে কিছুটা সরে এসে ট্রাম্প এক সাক্ষাৎকারে বলেন, “অবৈধভাবে বসবাসরতদের মধ্যে যারা গুরুতর অপরাধে লিপ্ত রয়েছে, তাদেরকেই বহিষ্কার করা হবে। এ সংখ্যা সর্বোচ্চ ৩০ লাখ হতে পারে।”
যুক্তরাষ্ট্রে অবৈধভাবে বসবাসরত বিদেশিদের সংখ্যা এক কোটি ২৫ লাখের মতো। অভিবাসীদের কোন নেতিবাচক প্রচারণায় কান না দেওয়ার আহ্বান জানিয়েছে রিপাবলিকান পার্টির নীতি-নির্ধারকরা।
