২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রবাসে পাত্র-পাত্রী খোঁজার ওয়েবসাইট চালু করলো ফোবানা

বিয়ের জন্য পাত্র-পাত্রী খোঁজার সুবিধায় ওয়েবসাইট চালু করেছে উত্তর আমেরিকায় বাংলাদেশি প্রবাসীদের সংগঠন ‘ফেডারেশন অফ বাংলাদেশি অ্যাসোসিয়েশনস ইন নর্থ আমেরিকা’ (ফোবানা)।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2016, 03:22 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় ৯ নভেম্বর, বুধবার সন্ধ্যায় যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় প্রধান শহর আটলান্টার স্থানীয় ইন্ডিয়ান ট্রেইল রোডের একটি রেস্টুরেন্টে ওই ওয়েবসাইটটির উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে ফোবানা চেয়ারম্যান আজাদুল হক বলেন, “আমরা ইতোমধ্যে ‘ফোবানা ফর বাংলাদেশ’ নামে আরও একটি ওয়েবসাইটের মধ্য দিয়ে কাজ শুরু করেছি, যেখানে ফোবানা প্রবাসীদের কল্যাণের পাশাপাশি স্বদেশের উন্নয়নেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে এগিয়ে যাচ্ছে।

“পাশাপাশি বাংলাদেশ সরকারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে কার্যকর ভূমিকাতেও অংশ নিয়ে যাচ্ছে।”    

আনুষ্ঠানিকভাবে www.matrimonial.fobanaonline.com  নামের বিয়ের পাত্র-পাত্র খোঁজার এ ওয়েবসাইটটির উদ্বোধন করেন গিয়াস উদ্দিন ভূঁইয়া।

অনুষ্ঠানে প্রবাসে বাংলাদেশি তরুণ-তরুণীদের মধ্যে বিয়ের সম্পর্ক স্থাপনের ক্ষেত্রে এই সাইটটি একটি নির্ভরযোগ্য ও বিশ্বস্ততার সাথে নতুন প্রজন্ম এবং অভিভাবকদের সাহায্য করতে পারবে হবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে হিউস্টন শহর থেকে আসা আজাদুল হক তার বক্তব্যে প্রতি বছর কেবল সম্মেলন, সেমিনার, নৃত্য, সঙ্গীতের মধ্যে ফোবানাকে সীমাবদ্ধ না রাখার অঙ্গীকার করেন।  তিনি প্রবাসী বাংলাদেশিদের সার্বিক উন্নয়নে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান।

বক্তব্যে আজাদ জানান, গত কয়েক বছর আগে ফোবানার উদ্যোগে প্রতিষ্ঠিত প্রবাসী নারীদের দাম্পত্য কলহ, বিয়ে বিচ্ছেদ ও পারিবারিক অশান্তি দূর করতে যে বিশেষ সেল গঠন করা হয়েছে তা ইতিবাচক ভূমিকা রাখতে শুরু করেছে।

ওই সেলের মাধ্যমে ইতোমধ্যে বেশ কয়েকটি পরিবারের সমস্যার সমাধান করা সম্ভব হয়েছে বলে দাবি করেন তিনি।  

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন নির্বাহী সম্পাদক এম মওলা দিলু, নিউ ইয়র্ক থেকে আগত যুগ্ম-নির্বাহী সম্পাদক জাকারিয়া চৌধুরী, ফোবানার সাবেক দুই চেয়ারম্যান যথাক্রমে জসিম উদ্দিন ও ডিউক হাসান খান।

এছাড়া ফোবানার নির্বাহী সদস্য আরিফ আহমেদ, সাংস্কৃতিক কমিটির গোলাম মহিউদ্দিন, মিডিয়া কমিটির রুমী কবিরসহ আটলান্টায় অনুষ্ঠিত ফোবানা সম্মেলনের সাবেক উপদেষ্টা গিয়াস উদ্দিন ভূঁইয়া, সংগঠক নাহিদুল খান সাহেল, মামুন শরীফ, আবু তালুকদার, হারুন রশীদ, মোহাম্মদ খান লোদী, আওলাদ হোসেন, রফিক এবং আহমাদুর রহমান বক্তব্য দেন।

২০১৮ সালের ফোবানা সম্মেলন ‘বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন অফ জর্জিয়া’র আয়োজনে আটলান্টা শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।