হিন্দুদের উপর হামলার প্রতিবাদে প্যারিসে মানববন্ধন
বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ বিভিন্ন স্থানে হিন্দু সম্প্রদায়ের উপর হামলা ও ভাংচুরের প্রতিবাদ জানিয়ে ফ্রান্সের প্যারিসে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার স্থানীয় সময় বিকালে ফ্রান্সের রিপাবলিক চত্বরে ‘বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, প্যারিস শাখা’ ও ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ, ফ্রান্স শাখা’র যৌথ আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বক্তারা এই নারকীয় ঘটনায় ব্যর্থ প্রশাসনের বিচার বিভাগীয় তদন্ত দাবি করেন। একই সাথে স্থানীয় জনপ্রতিনিধির ভূমিকার তীব্র সমালোচনা করে এই ঘটনার দায় তারা এড়াতে পারেন না বলে উল্লেখ করেন।
প্রকৃত হামলাকারী ও উস্কানীদাতাদের অবিলম্বে চিহ্নিত করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি ও পশুসম্পদ মন্ত্রীর অপসারণের দাবি জানানো হয় প্রতিবাদ সমাবেশ থেকে।
প্রচণ্ড শীত ও বৃষ্টি উপেক্ষা করে মানববন্ধনে প্ল্যাকার্ড,ব্যানার,পোস্টার হাতে প্রবাসী বাংলাদেশিরা বিক্ষোভ প্রদর্শন করেন ও শ্লোগান দেন। এ সময় বিভিন্ন বিদেশি গণমাধ্যমের সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।
