নাসিরনগরের ঘটনায় জাতিসংঘ মহাসচিবকে স্মারকলিপি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর হামলা ও ভাঙচুর ঘটনায় জাতিসংঘ মহাসচিবের কাছে স্মারকলিপি দিয়েছে ‘বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ’ যুক্তরাষ্ট্র শাখা।
শুক্রবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে একটি প্রতিবাদ কর্মসূচি শেষে জাতিসংঘ মহাসচিব বান কি-মুন বরাবর এই স্মারকলিপি দেওয়া হয়।
পাশাপাশি বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের অবস্থা যাচাইয়ের জন্যে উচ্চ পর্যায়ের একটি ‘জাতিসংঘ প্রতিনিধি দল’ পাঠানোর আহ্বান জানানো হয়।
স্মারকলিপিতে অবিলম্বে আইসিটি অ্যাক্ট-৫৭ ধারা বাতিলসহ সাত দফা প্রস্তাবনা উপস্থাপন করা হয়েছে।
ঐক্য পরিষদের নেতা শিতাংশু গুহ বলেন, “ব্রাহ্মণবাড়িয়ায় হিন্দু পরিবারের ওপর হামলার পর ওই এলাকার জনপ্রতিনিধি ও মন্ত্রী যে সব কথা বলেছেন তা প্রকারান্তরে এই হামলাকে উস্কে দেওয়ার মতো। আমরা ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় সরকারের কঠোর নীতি দেখতে চাই।”
নির্মল পাল বলেন, “কোন সরকারই প্রকৃত অর্থে ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তায় কোন পদক্ষেপ নেননি।”
সমাবেশে অন্যদের মধ্যে অ্যাটর্নি অশোক কর্মকার, স্বপন দাস, অমিত ঘোষ, ভজন সরকার, রীনা সাহা, শুভাশীষ রায়, শ্যামল কর, নয়ন বড়ুয়া, সুশীল সাহা, দ্বীপক চক্রবর্তি, ভিনসেন্ট প্রুনো ও নব্যেন্দু দত্ত বক্তব্য দেন।
নাসিরনগরের ইউএনও এবং ওসির উপস্থিতিতে সমাবেশে ‘উসকানিমূলক’ বক্তব্যের পর ওই হামলার ঘটনা ঘটায় স্থানীয় প্রশাসনের গাফিলতির অভিযোগ ওঠে বিভিন্ন মহল থেকে। এর পাঁচদিনের মাথায় একই এলাকায় কয়েকটি বাড়ি ও মন্দিরে আগুন দেওয়া হয়।
