২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্পেনের মাদ্রিদে বাংলা বিদ্যালয়

প্রবাসের বেড়ে ওঠা নতুন প্রজন্ম মাতৃভাষা চর্চার সুযোগ তেমন একটা পায় না। ভিন্ন সাংস্কৃতিক পরিমণ্ডলে বেড়ে ওঠা এ প্রজন্মের মাঝে বাংলা ভাষা ও সংস্কৃতি চর্চার জন্য স্পেনের মাদ্রিদে আছে একটি ভিন্নধর্মী বিদ্যালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ,স্পেনের মাদ্রিদ থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Nov 2016, 04:11 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

প্রবাসী বাংলাদেশিদের সন্তানদের কাছে বাংলা ভাষা ও সংস্কৃতি শেখানোর জন্য ইউরোপের বিভিন্ন দেশে প্রতিষ্ঠা করা হয়েছে বাংলা বিদ্যালয়। স্পেনের মাদ্রিদেও আছে এমন একটি বিদ্যালয়, বিদ্যালয়টির নাম ‘মান্নান বাংলা স্কুল’। এখানে প্রবাসী বাংলাদেশি সন্তানরা বাংলা শেখার পাশাপাশি শিখছে বাংলাদেশের ইতিহাস,ঐতিহ্য ও সংস্কৃতি।

মাদ্রিদে ‘মান্নান বাংলা স্কুল’ প্রতিষ্ঠিত হয় ২০১০ সালে। উদ্যোক্তাদের অন্যতম দ্বীন মোহাম্মদ মজুমদার মান্নান। তিনি ২০১০ সালের ২২ এপ্রিল মারা যান। তার নামেই বিদ্যালয়টির নামকরণ করা হয়।

বিদ্যালয়টির প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মনোয়ার হোসেন মনু। তখন বাঙালি অধ্যুষিত লাভাপিয়েসে একটি ঘর ভাড়া করে বিদ্যালয়টির কার্যক্রম পরিচালনা করা হতো। শিক্ষার্থী ছিল ৮৬ জন। আর্থিক সঙ্কটের কারণে ২০১৪ সালে বন্ধ হয়ে যায় বিদ্যালয়টি।

এ বছর ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন ইন স্পেন’ এগিয়ে আসে বিদ্যালয়টিকে সহযোগিতা করার জন্য। প্রতিষ্ঠানটি তাদের হলরুমটি সপ্তাহের শনি ও রোববার বিকাল ৬টা থেকে ৭টা ৩০ মিনিট পর্যন্ত বাংলা স্কুলের জন্য বরাদ্দ দেয়।

বর্তমানে বিদ্যালয়টিতে শামিমা হোসেন,লুৎফুন্নাহার, জোৎস্না বেগম এবং হালিমা তাহমিনা- এ চারজন শিক্ষিকা রয়েছেন। তারা বিনা পারিশ্রমিকে শিক্ষার্থীদের বাংলা শেখান।

বাংলাদেশ অ্যাসোসিয়েশনের সহ-সভাপতি কাজী এনায়েতুল করিম তারেক নতুন প্রজন্মকে বাংলা ভাষা শেখানোর জন্য স্কুলটিকে যাবতীয় সহযোগিতা করবেন বলে প্রত্যয় ব্যক্ত করেছেন।

বর্তমানে এই বিদ্যালয়ে ৩০ জন শিক্ষার্থী রয়েছে। ‘মান্নান বাংলা স্কুল’ পরিচালনা কমিটির বর্তমান সভাপতি বেলাল ও সাধারণ-সম্পাদক একেএম জহিরুল ইসলাম জানালেন, মাদ্রিদে বাংলাদেশের নতুন প্রজন্মকে মাতৃভূমি সম্পর্কে, বাংলা সম্পর্কে ধারণা দেয়া দরকার। এ ব্যাপারে তারা মাদ্রিদের বাঙালি অভিভাবকদের সচেতনতা কামনা করেন এবং নিজেদের সন্তানদের বাংলা স্কুলে পাঠানোর জন্য অনুরোধ করেন।