সিঙ্গাপুরের প্রদর্শনীতে প্রবাসীদের গল্প-কবিতা
সিঙ্গাপুরে সপ্তাহব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল ‘জুলি’স দ্যা বেস্ট অফ ইউ’ প্রদর্শনী, যাতে বহু ভাষাভাষীর নিজস্ব লেখা ও বিচিত্র সব চিত্রকর্মের পাশাপাশি স্থান পেয়েছিল বাংলাভাষী অভিবাসী কবি ও লেখকদের লেখা।
সিঙ্গাপুরের মেরিনা স্কয়ারের সেন্ট্রাল অডিটরিয়ামে সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় জাতীয় পর্যায়ে আয়োজিত এই প্রদর্শনীটি ১ নভেম্বর থেকে শুরু হয়ে ৭ নভেম্বর পর্যন্ত চলে।
বিভিন্ন ইভেন্টে দেশ-বিদেশের সেরা মেধাবীদের নির্বাচনই মূলত এ আয়োজনের উদ্দেশ্য। বাংলা ভাষা বিভাগে চূড়ান্ত পর্বে অংশ নেন 'বাংলার কণ্ঠে'র লেখক রাশিদুল ইসলাম জুয়েল, ফরহাদ খান, রোকেয়া লিটা, মো. শাহ আলম, অসিত কুমার বাড়ৈ ও মো. জুয়েল।
প্রদর্শনীর ষষ্ঠ দিনে ‘বাংলার কণ্ঠ সাহিত্য পরিষদ’-এর সদস্য অসিত কুমার বাড়ৈ ও রাশিদুল ইসলাম জুয়েল স্বরচিত কবিতা আবৃত্তি করেন।
‘বাংলার কণ্ঠ’ পত্রিকার সম্পাদক একেএম মোহসীন বলেন, “শ্রমজীবী প্রবাসীদের অনেকের মধ্যেই রয়েছে সুপ্ত সাহিত্য প্রতিভা। কিন্তু সুযোগ ও উপযুক্ত প্লাটফর্মের অভাবে অনেক সময় তা চাপা পড়ে যায়। তাদের মেধাকে লালন করতে অকুণ্ঠ সমর্থন নিয়ে পাশে দাঁড়িয়েছে ‘বাংলার কণ্ঠ’।
জুলি’স বেস্ট অব ইউ’-এর আয়োজকরা ভবিষ্যতে এ ধরনের উদ্যোগে ‘বাংলার কণ্ঠ’কে সবসময় পাশে পাবে বলেও জানান একেএম মোহসীন।
লেখক: প্রবাসে লেখালেখি ও সাংবাদিকতা করেন।
ছবি কৃতজ্ঞতা: বাংলার কণ্ঠ
