'ট্রাম্পের জয়ে মুসলিম ও অভিবাসীদের চিন্তা নেই'
মুসলিম ও অভিবাসীদের নিয়ে নানা মন্তব্যে বিতর্কিত ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পরও উৎকণ্ঠার কিছু নেই বলেই মনে করছেন সেখানকার মূলধারার রাজনীতির সঙ্গে যুক্ত প্রবাসী বাঙালিরা।
তারা মনে করছেন, ট্রাম্প নির্বাচিত হওয়ায় ঢালাওভাবে গ্রেপ্তার ও বহিষ্কারের আশঙ্কা নিয়ে প্রবাসী কমিউনিটিতে যে উদ্বেগ তৈরি হয়েছে সেটি 'অমূলক'।
এ ব্যাপারে নিউ ইয়র্কে রিপাবলিকান পার্টির ডিস্ট্রিক্ট লিডার খোরশেদ চৌধুরী বলেন, "যেসব অভিবাসী গুরুতর অপরাধ করেছে, তাদেরকে গ্রেপ্তার করে বহিষ্কারের প্রক্রিয়া অনেক আগে থেকেই কার্যকর রয়েছে।"
"গত ৮ বছরে প্রেসিডেন্ট ওবামার আমলে এ ধরনের গুরুতর অপরাধী অভিবাসীদের গ্রেপ্তার করে নিজ নিজ দেশে পাঠিয়ে দেয়ার ঘটনা সবচে' বেশি ঘটেছে। এটি চলমান একটি প্রক্রিয়া। যারা কোন অপরাধ করেননি, কঠোর শ্রম দিচ্ছেন অথবা মেধার বিনিয়োগ ঘটাচ্ছেন, তাদেরকে বহিষ্কারের প্রশ্নই উঠে না।"
নির্বাচনী প্রচারণার সময় ‘মুসলিমদের এক-চতুর্থাংশ অত্যন্ত জঙ্গি’ বলে মন্তব্য করে বিতর্কিত হয়েছিলেন ট্রাম্প।
পরে ট্রাম্পকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে অবস্থান পরিবর্তন করে নিজের মুসলিম বিদ্বেষী মন্তব্যের বিষয়ে তিনি বলেন, “আমি যখন আমেরিকায় প্রবেশের বিষয়ে মুসলিমদের ওপর অবিলম্বে অস্থায়ী নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানাই তখন শুধু রাজনৈতিকভাবে আমার সমালোচনা হয়। কিন্তু বিশ্বব্যাপী কয়েক কোটি মানুষ বলে, ‘ডোনাল্ড ট্রাম্প সঠিক'।”
এ প্রসঙ্গে খোরশেদ চৌধুরী বলেন, "ইতিহাস ঘাটলে জানা যাবে, অভিবাসীদের বৈধতা দেয়ার জন্যে সাম্প্রতিক সময়ে যে ক’টি নির্দেশ জারি হয়, সবকয়টি করেছেন রিপাবলিকান প্রেসিডেন্টরা।”
"অন্যদিকে বিল ক্লিনটনের আমলেই অভিবাসন বিরোধী সবচেয়ে কঠোর আইন হয়েছে। প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে অভিবাসনের পক্ষে কোন বিধানই হয়নি।"
তিনি বলেন, "যেসব দেশে সন্ত্রাসীদের আস্তানা রয়েছে কিংবা যারা সন্ত্রাসকে প্রশ্রয় দেয় ও লালন-পালন করে, সেসব মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে অভিবাসন মর্যাদা দেওয়ার বিরুদ্ধে শক্ত অবস্থানের কথা বলেছেন ট্রাম্প। এই বক্তব্যকে বিকৃত করে মুসলিম-আমেরিকানদের মধ্যে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালানো হচ্ছে।"
"কংগ্রেসের উভয় কক্ষ এবং হোয়াইট হাউজ রিপাবলিকানদের দখলে আসলেও ট্রাম্পের পক্ষে যা খুশি তাই করা সম্ভব নয়, কারণ যুক্তরাষ্ট্র পরিচালিত হয় সুনির্দিষ্ট আইনের ভিত্তিতে। ব্যক্তি বিশেষের ইচ্ছা-অনিচ্ছায় কিছুই সম্ভব নয়। তাই অযথা মুসলিম-আমেরিকান তথা অভিবাসী সমাজের মধ্যে উদ্বেগ তৈরি হয় এমন তথ্য প্রচার না করাই শ্রেয়", বলেন খোরশেদ চৌধুরী।
নিউ ইয়র্কের আইনজীবী ও ডেমোক্র্যাট পার্টির সমর্থক মোহাম্মদ এন মজুমদার এ প্রসঙ্গে বলেন, "বিজয়ী হবার পর ট্রাম্প যে বক্তব্য রেখেছেন, তা স্বস্তিদায়ক। তিনি সকলকে সাথে নিয়ে একযোগে আমেরিকাকে আবারও মহান করার সঙ্কল্প ব্যক্ত করেছেন।"
মঙ্গলবার ট্রাম্পের জয় নিশ্চিত হওয়ার পর থেকে সান ফ্রান্সিসকোর বে এলাকা, ওকল্যান্ডসহ বেশ কয়েকটি শহরে বিক্ষোভ হয়। বুধবার বার্কলে, ওকল্যান্ড, পিটসবার্গ, সিয়াটল, পোর্টল্যান্ড, ওরেতেও বিক্ষোভ হয়।
পেনসিলভানিয়া থেকে ক্যালিফোর্নিয়া, ওরেগন থেকে ওয়াশিংটন স্টেট- সব জায়গায় শত শত মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে বলে স্থানীয় সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে।
তরুণ ব্যবসায়ী ও মূলধারার রাজনীতিক আকতার হোসেন বাদল বলেন, "ট্রাম্প বিজয়ী হবার পর এক ধরনের হতাশা গ্রাস করেছে ব্যবসা-বাণিজ্যে। তবে জয়ী হবার পর ট্রাম্পের বক্তব্যে অনেকের মধ্যেই স্বস্তি ফিরেছে।”
"আন্তর্জাতিক মহলের সাথে সুসম্পর্ক অব্যাহত রাখতে পারলে আমেরিকার শ্রেষ্ঠত্ব প্রশ্নবিদ্ধ হবে বলে মনে করি না। এ ব্যাপারে দল-মত নির্বিশেষে ট্রাম্পের সহযোগী হওয়ার বিকল্প নেই।"
পরাজিত হিলারির বক্তব্যের জের ধরে বাদল বলেন, "জাতীয় স্বার্থে আমরা বরাবরই দলমতের উর্দ্ধে উঠেছি। ট্রাম্পও সে সহায়তা পেয়ে যাবেন, তবে তাকে উদার হতে হবে।"
ফলাফল ঘোষণার পর থেকেই নিউ ইয়র্ক, নিউ জার্সি, পেনসিলভেনিয়া, মিশিগান, ফ্লোরিডা, জর্জিয়া, ক্যালিফোর্নিয়া, টেক্সাসসহ বিভিন্ন স্থান থেকে প্রবাসী বাংলাদেশিরা যুক্তরাষ্ট্রে নিজেদের ভবিষ্যত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক ও টুইটারে উদ্বিগ্নতার কথা তুলে ধরেন।
এর পরিপ্রেক্ষিতে রিপাবলিকান পার্টির জাতীয় কমিটির আরেক সদস্য গিয়াস আহমেদের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, "এগুলো নিতান্তই গুজব। ডোনাল্ড ট্রাম্প নিজেকে ভালো প্রশাসক হিসেবে পরিচিত করার স্বার্থে উদারতা প্রদর্শন করবেন- এতে কোন সন্দেহ নেই। ভোটের রাজনীতি আর দায়িত্ব পালন- এক কথা নয়। কোন ধরনের গুজবে কান দেয়া উচিত নয়।"
