২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

​পর্তুগাল কর্তৃপক্ষের সঙ্গে আয়েবা'র সাক্ষাৎ

পর্তুগালে বাংলাদেশি প্রবাসীদের বৈধ করে নেওয়ার ব্যাপারে অনুরোধ জানাতে দেশটির দায়িত্বপ্রাপ্ত দুই পদস্থ কর্মকর্তার সঙ্গে বৈঠক করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা)-এর একটি প্রতিনিধিদল।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মোহাম্মেদ নুরুল্লাহ,পর্তুগাল থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Nov 2016, 06:02 PM

Updated : 11 Oct 2022, 09:02 PM

স্থানীয় সময় বুধবার আয়েবার সভাপতি আয়েবার জয়নাল আবেদীনের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল পর্তুগালের মিনিস্টার ফর ইন্টারনাল অ্যাফেয়ার্স -এ কর্মরত লুইস তোমে এবং  ফার্নান্দো প্যারেইরাল সিলভা নামের ওই  দুই কর্মকর্তার সঙ্গে এ বৈঠক করেন।

লুইস তোমে মন্ত্রণালয়ে অ্যাডভাইজার ফর ইন্টারন্যাশনাল রিলেশনস অ্যান্ড ফাইটিং টেরোরিজম এবং  সিলভা সিনিয়র কো-অর্ডিনেটর ইন্সপেক্টর (লিয়াঁজো) অফিসার হিসেবে কর্মরত রয়েছেন।

বৈঠকে আয়েবা'র পক্ষ থেকে পর্তুগালের অভিবাসীদের জন্য ৮৮ ধারা অব্যাহত রাখা এবং যারা বর্তমানে পর্তুগালে অভিবাসনের প্রত্যাশায় কাজ করে সরকারকে ট্যাক্স দিয়ে যাচ্ছে মানবিক দিক বিবেচনা করে আইনগতভাবে বৈধ করে নেওয়ার বিষয়ে অনুরোধ জানানো হয় বলে আয়েবা প্রতিনিধিরা জানিয়েছেন। 

তারা জানান, এই বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গভীরভাবে বিবেচনা করার আশ্বাস দিয়েছেন এবং ডিসেম্বরের শেষ নাগাদ এ বিষয়ে সুস্পষ্টভাবে জানাবেন বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আয়েবার নেতাদের আশ্বস্ত করেন।

সাক্ষাত্কালে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে যারা ইতোমধ্যে বায়োমেট্রিক পদ্ধতিতে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন এবং ১ বছরের বেশি সময় ধরে রেসিডেন্ট কার্ড পাওয়ার আশায় আছেন তাদের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে জানানো হয়।

আয়েবা ইউরোপের বাংলাদেশি অভিবাসন সমস্যার সমাধানকল্পে গত মে মাস থেকে ইউরোপিয়ান ইউনিয়ন, আইএলও, আইএমওসহ ইউরোপের দেশে দেশে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা পর্যায়ক্রমিকভাবে আলোচনা করে আসছে।

এরই ধারাবাহিকতায় পর্তুগালের ইন্টারনাল অ্যাফেয়ার্স মন্ত্রণালয়ের ওই দুই কর্মকর্তার সঙ্গে বৈঠক সংগঠনটি বৈঠক করলো।

বৈঠকে অংশ নেওয়া আয়েবা'র পাঁচ সদস্যের প্রতিনিধি দলের অন্য সদস্যরা হলেন- সেক্রেটারি জেনারেল কাজী এনায়েত উল্লাহ,ভাইস প্রেসিডেন্ট ফকরুল আকম সেলিম, ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সুলতান হোসাইন, ভাইস প্রেসিডেন্ট রানা তাসলিম উদ্দীন এবং এক্সিকিউটিভ মেম্বার শের আলী ভূঁইয়া।

ইউরোপে বাংলাদেশি প্রবাসীদের নানা সুবিধা-অসুবিধা নিয়ে কাজ করা আয়েবা একটি অরাজনৈতিক এবং অমুনাফাভোগী সংগঠন। ২০১২ সালের অক্টোবর মাসে ঢাকায় একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটি আত্মপ্রকাশ করে।