হিন্দুদের ওপর হামলায় কানাডায় প্রতিবাদী মৌন মিছিল
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে কানাডায় প্রবাসী বাংলাদেশিরা মৌন মিছিল করেছেন।
স্থানীয় সময় রোববার সকালে কানাডার সাস্কাচুয়ান প্রদেশের সাস্কাতুন শহরে সার্বজনীন পূজা কমিটির উদ্যোগে এ মৌন মিছিল অনুষ্ঠিত হয়।
মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের ঘরবাড়ি ও মন্দিরে হামলাসহ ১৯৭১ পরবর্তী বিভিন্ন সময়ে সংখ্যালঘুদের উপর হামলার তীব্র নিন্দা জানানো হয়।
এছাড়া সাস্কাতুনে অবস্থিত বাংলাদেশিদের নিয়ে আগামী শুক্রবার একটি মতবিনিময় সভা করার সিদ্ধান্ত নেয়া হয় এ সমাবেশ থেকে।
প্রতিবাদী মৌন মিছিলে সকল ধর্মানুসারী প্রবাসী বাংলাদেশিরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
সাস্কাতুনে অবস্থিত বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,ছাত্র ও কমিউনিটিভিত্তিক সংগঠনগুলোর প্রতিনিধিরা মিছিলে উপস্থিত ছিলেন।
