যুক্তরাষ্ট্রে বিএনপি'র 'বিপ্লব ও সংহতি দিবসে'র সমাবেশ অনুষ্ঠিত
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ৭ নভেম্বরকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস' হিসেবে পালন করেছে স্থানীয় বিএনপি'র একাংশ।
স্থানীয় সময় সোমবার রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে ‘ঐক্যবদ্ধ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন’নামের একটি সংগঠনের ব্যানারে দিবসটি উপলক্ষে
এক সমাবেশের আয়োজন করা হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র বিএনপির বিলুপ্ত কমিটির সভাপতি আব্দুল লতিফ সম্রাট। 'নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপি'র সাধারণ সম্পাদক ও যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক সম্পাদক এম এ বাতিন অনুষ্ঠান পরিচালনা করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন জাসাসের কেন্দ্রীয় নেত্রী ও কণ্ঠশিল্পী বেবী নাজনীন।
সভাপতির বক্তব্যে আব্দুল লতিফ সম্রাট অভিযোগ করে বলেন, "দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দোহাই দিয়ে নিউ ইয়র্কে বসবাসরত বাকশালীদের কিছু এজেন্ট গত কদিন থেকেই এই অনুষ্ঠান বানচালের চেষ্টা করেছে।"
নিউ ইয়র্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশে বক্তব্য রাখছেন নিউইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক এম এ বাতিন।
সমাবেশে আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ সোসাইটির সাবেক সভাপতি এম আজিজ, বিএনপির বিলুপ্ত কমিটির জ্যেষ্ঠ সহ-সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন,সহ-সভাপতি সোলায়মান ভূঁইয়া, আজহারুল হক মিলন ও ফারুক হোসেন মজুমদার,যুগ্ম-সম্পাদক আনোয়ারুল ইসলাম, জহীর মোল্লাহ ও আজাদ বাকির,মহিলা সম্পাদক সৈয়দা মাহমুদা শিরিন,যুক্তরাষ্ট্র জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বাবরউদ্দিন এবং সেক্রেটারি সুরুজ্জামান, নিউ ইয়র্ক অঙ্গরাজ্য বিএনপির সভাপতি মাহফুজুল মাওলা নান্নু,যুক্তরাষ্ট্র ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মাজহারুল ইসলাম জনি,বাংলাদেশ সোসাইটির সাধারণ সম্পাদক রুহুল আমিন সিদ্দিকী, নিউ ইয়র্ক সিটি বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেক, যুগ্ম-সম্পাদক মোহাম্মদ জাফর,যুক্তরাষ্ট্র জাসাসের সভাপতি আবু তাহেরসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বিএনপির সর্বস্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মীর সমাগম ঘটে।
