বাসায় ফিরলেন যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি ছাত্রী
পাঁচ দিন নিখোঁজ থাকার পর যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় হারিয়ে যাওয়া বাংলাদেশি ছাত্রী তাসফিয়া নিরাপদে বাসায় ফিরে এসেছেন।
সোমবার স্থানীয় সময় সকালে নানা উদ্বেগের অবসান ঘটিয়ে তাসফিয়া চৌধুরী (২৮) পুলিশের সহায়তায় নিজের বাসায় ফিরে আসেন।
লিলবার্নের স্টোন মাউন্টেইন শহরের একটি পপাইস রেস্টুরেন্টে পুলিশ অক্ষত ও সুস্থ অবস্থায় তাসফিয়ার সন্ধান পায় এবং তাকে নিজ বাড়িতে পৌঁছে দেয়। আটলান্টার গণমাধ্যম তাসফিয়ার সন্ধান পাওয়ার খবরটি প্রচার করে।
লিলবার্ন শহরে প্রবাসী বাংলাদেশি হাসান চৌধুরীর মেয়ে জর্জিয়ার ক্যানাসো বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাসফিয়া গত ৩ নভেম্বর থেকে নিখোঁজ ছিলেন।
তাসফিয়ার চাচা ব্যবসায়ী হান্নান চৌধুরী ফেইসবুকে ভাতিজির নিখোঁজ হবার খবরটি ছবিসহ প্রচার করেছিলেন।
তাসফিয়ার আকস্মিক নিখোঁজ হয়ে যাওয়ার ব্যাপারটি আটলান্টার বাংলাদেশি কমিউনিটিতে উদ্বেগ তৈরি হয়েছিল।
তদন্তের স্বার্থে তাসফিয়ার বাড়ি থেকে নিরুদ্দেশ কারণ সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ বলে হান্নান চৌধুরী ফেইসবুক স্ট্যাটাসের মাধ্যমে জানিয়েছেন। তিনি পরিবারের এই সঙ্কটে সবাইকে এগিয়ে আসার জন্য ধন্যবাদও জানান।
চার বছর আগে শ্যাম্বলি শহরের আজালিয়া অ্যাপার্টমেন্টের এক বাংলাদেশি স্কুল ছাত্রী পরীক্ষায় খারাপ রেজাল্ট হওয়ায় বাবা-মা’র বকুনি খাওয়ার ভয়ে স্কুল থেকে ফেরার পথে নিখোঁজ হয়েছিল।
পরে মধ্যরাতে তিন মাইল দূরে ডোরাভিল ট্রেন স্টেশন থেকে পুলিশের সহায়তায় তাকে উদ্ধার করা হয়েছিল।
