নাসিরনগরে হামলার বিচার দাবি উদীচী কানাডার
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে কানাডা উদীচী।
রোববার স্থানীয় সময় বিকালে টরন্টোয় 'বাঙালি পাড়া' হিসেবে পরিচিত ড্যানফোর্থ এলাকায় প্রবাসী বাঙালিরা প্রতিবাদ এক সমাবেশে এ দাবি জানান।
পাশাপাশি হামলায় জড়িতদের চিহ্নিতকরণ ও স্থানীয় সংসদ সদস্য,মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের পদত্যাগও দাবি করা হয়।
সমাবেশে ব্যানার, ফেস্টুন ও প্লাকার্ড হাতে মানুষ জড়ো হয়। টরন্টো পুলিশ বাহিনীর সদস্যরা সমাবেশের নিরাপত্তা এবং শৃংখলা রক্ষায় নিয়োজিত ছিলেন।
গণমাধ্যম সংগঠনের মধ্যে সাপ্তাহিক বাংলা কাগজ,বাংলা মেইল, দেশের আলো,প্রবাসী কণ্ঠ, আজকাল, এনআর বিটিভি, দেশি টিভি, অনলাইন পত্রিকা বেঙ্গলি টাইমস, অনলাইন পত্রিকা নতুন দেশ ও টরন্টোর সাপ্তাহিক অনলাইন দেশে বিদেশে অনুষ্ঠানে উপস্থিত ছিল।
এছাড়া পেশাজীবী সংগঠনের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, কৃষি বিশ্ববিদ্যালয় অ্যালামনাই, বুয়েট অ্যালামনাই, কুয়েট অ্যালামনাই, চুয়েট অ্যালামনাই, বাংলাদেশ সোভিয়েত অ্যালামনাই, চট্টগ্রাম সমিতি, কৃষিবিদদের সংগঠন আবাকান, প্রকৌশলী সমিতি, জালালাবাদ অ্যাসোসিয়েশন ও বাংলাদেশ মাইনরিটি রাইটস অ্যালায়েন্স কানাডা উপস্থিত ছিলো।
প্রবাসী বাংলাদেশিদের ধন্যবাদ জানিয়ে সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক সৌমেন সাহা।
ফেইসবুকে ‘ইসলাম অবমাননার’ অভিযোগ তুলে গত ৩০ অক্টোবর নাসিরনগরে ১৫টি মন্দির এবং হিন্দুদের শতাধিক ঘরে ভাংচুর ও লুটপাট চালানো হয়।
