২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

জেদ্দায় মা হাওয়ার কবরে

সৌদি আরবে এসেছি সপ্তাহ পার হয়ে গেছে। স্বপ্নের ঘোর তখনো কাটেনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবুল বাশার বুলবুল, সৌদি আরবের জেদ্দা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2016, 05:45 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

নতুন দেশ, নতুন পরিবেশ, কাজের চাপ আর মরুর তাপ। সব মিলিয়ে ত্রাহি মধুসূধন দশা। চিঠি লেখার জন্যে আই-ডাই করছে প্রাণ।

না, ‘চিঠি লিখো প্রতিদিন’ এমন বায়না ছিল না। তবে আব্বা-আম্মাকে, ঘনিষ্ঠ বন্ধুদেরকে তো লিখতেই হয়। তারা যে পথ চেয়ে বসে আছেন।

তখনও হাতের মুঠোয় মুঠোফোনের যুগ শুরু হয়নি। এমনকি টেলিফোনও ছিল না গাঁও-গেরামে। যোগাযোগের একমাত্র ভরসা চিঠি। তাই চিঠি লিখার রঙিন প্যাড, ডোরাকাটা খাম, দেশ থেকেই নিয়ে এসেছি।

দু-তিনটা চিঠি লেখা হলে জেদ্দায় পুরনো সহকর্মী রহিম ভাইকে বলি, "ভাই চিঠি পাঠাবো, পোস্ট অফিস আছে কাছে?"

তিনি হেসে বললেন, "চলেন আজ বিকালে। সিটিবাসে যেতে হবে পোস্ট অফিস 'বলদ'-এ।"

আমি হা-করে থাকি, ‘বলদ’!

Image
হাওয়ার কবরস্থানের পাশে সারি সারি কবর

হাওয়ার কবরস্থানের পাশে সারি সারি কবর

পরে জেনেছি, জায়গাটির নাম ‘বালাদ’। আরবি উচ্চারণের হেরফেরে বাঙালি, পাকিস্তানি বা ভারতীয়দের অনেকেই ‘বালাদ’কে বলে 'বলদ'। কেউ হয়তো ইচ্ছে করেই বিকৃত উচ্চরণে আনন্দ পায়।

সেদিন বালাদ থেকে ফিরে আসার পথে বাসের জানালার ওপাশে দেয়াল ঘেরা একটি স্থান দেখিয়ে রহিম ভাই বললেন, "এটা মা-হাওয়ার কবরস্থান।"

কথাটা শুনে আমি চমকে উঠে বললাম, "মা-হাওয়ার কবরস্থান, তাই নাকি!"

হিসাববিজ্ঞানের ছাত্র ছিলাম আমি, ইতিহাস খুব একটা জানা হয়নি।

পরের শুক্রবারে রহিম ভাইকে নিয়ে এলাম হাওয়ার কবরস্থানে। অবশ্য সেদিন ভেতরে ঢোকার সুযোগ হয়নি।

ঊষর মরুর ধূসর বুকে গড়ে উঠা সুবশিাল এক মহানগরীর নাম জেদ্দা। নিতান্তই একটি জেলেপল্লী থেকে আজকের এ মহানগরী। সৌদি আরবের দ্বিতীয় বড় নগরী, শিল্প নগরী এবং প্রধান সমুদ্র বন্দর। দেশের অর্থনৈতিক রাজধানীও এই জেদ্দা।

সেই সূচনায় লোহিত সাগরে মাছ ধরত জেলেরা। সাগরের পূর্ব উপকূলের এক বাঁকে নৌকা নোঙর করতো জেলেরা। সেখান থেকেই সাগরে নৌকা ভাসাত মাছ ধরতে, আবার ফিরে এসে বিশ্রাম নিত।

Image
কবরস্থানে আসা দর্শনার্থী

কবরস্থানে আসা দর্শনার্থী

এভাবেই সাগর উপকূলে ক্রমে গড়ে ওঠে তাদের আবাস। গোড়া পত্তন হয় একটি জেলে পল্লীর, যা আজকের মহানগরী জেদ্দা।

অনেক পুরনো এই জেদ্দার ইতিহাস। খ্রিস্টপূর্ব ৩২৩ থেকে ৩৫৬-এর মধ্যে আলেকজান্ডার দ্যা গ্রেট জেদ্দা সফর করেন। লোহিত সাগরে চলাচলকারী বাণিজ্য জাহাজগুলো সে সময় এখানে নোঙর করতো খাদ্য ও পানীয় সংগ্রহের জন্য। সেই থেকেই এখানে অর্থনৈতিক কর্মকাণ্ডের বিকাশ।

‘জেদ্দা’কে অনেকে ‘জিদ্দা’ উচ্চারণ করেন। মিশরিয়রা অবশ্য ‘জ’ এর উচ্চারণ ‘গ’-এর মতো করেন, তাই তাদের উচ্চারণে ‘জিদ্দা’ হয়ে গেছে ‘গিদ্দা’। ইবনে বতুতা (১৩০৪-১৩৬৮) তাঁর বিশ্বভ্রমণের ডাইরিতে এ শহরকে ‘জিদ্দা’হিসেবে উল্লেখ করেন।

জেদ্দার নামকরণ নিয়ে অনেক মতবাদ প্রচলিত আছে। তবে নানা গবেষণায় উঠে এসেছে মূলত আরবি শব্দ ‘জাদ্দা’ থেকেই ‘জেদ্দা’র উৎপত্তি। ‘জাদ্দা’ অর্থ ‘দাদীমা’ (গ্র্যান্ডমাদার)। মুসলিমরা বলে ‘মা-হাওয়া’। আরবরা মানবজাতির আদি মা হাওয়াকে বলে 'গ্র্যান্ডমাদার' অর্থাৎ ‘দাদীমা’।

সেই প্রাচীনকাল থেকেই এখানকার মানুষের বিশ্বাস, দাদীমা হাওয়ার কবর রয়েছে এই মাটিতে। আর জাদ্দার সমাধি ধারণ করে চিরনিদ্রায় শায়িত হবার কারণে নামকরণ হয়েছে ‘জাদ্দা’ তথা 'জেদ্দা'।

Image
হাওয়ার কবরস্থানে ঢোকার মূল ফটক

হাওয়ার কবরস্থানে ঢোকার মূল ফটক

হাওয়ার কররের নামফলকে আরবিতে লেখা আছে, ‘মাকবারাহ্ হাওয়া’  অর্থাৎ ‘হাওয়ার কবরস্থান’ । তবে এই কবরস্থানকে আলাদা কোনো বিশেষত্ব দেওয়া হয় না এখানে। আর সব কবরস্থানের মতোই চারদিকে উঁচু দেয়াল ঘেরা এবং সর্বসাধারণের কবরস্থান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে এটি।

মুসলিমের পবিত্র উপাসনালয় ক্বাবাঘর মক্কায়। জেদ্দা সেই প্রাচীনকাল থেকেই ‘মক্কার প্রবেশ-দ্বার’ হিসেবে খ্যাত। প্রাচীন জেদ্দা শহর সুরক্ষায় চারপাশে বৃত্তাকার দেয়াল নির্মাণ করা হয়েছিল। সে দেয়ালের চারদিকে ছিল চারটি দরজা। পূর্বদিকের দরজাটির নাম ‘বাব-মক্কা’ তথা 'মক্কার-দরজা'। আজও ‘বাব-মক্কা’ নামটি বহাল আছে। এই দরজা থেকে শুরু হওয়া রাস্তার নাম ‘তারিক-মক্কা’ বা 'মক্কা-রোড'।

অনেক হাজি জেদ্দা অবস্থানকালে হাওয়ার কবর পরিদর্শনে যান। অনেকে আবার সেখানে গিয়ে প্রার্থনা করেন। ধর্মীয় কিছু বিধি-নিষেধের কারণে ১৯২৮ সালে হাওয়ার সমাধিটি নিশ্চিহ্ন করে দেওয়া হয়।

পরবর্তীতে ১৯৭৫ সালে কংক্রিটের চাদরে ঢেকে ফেলা হয় সমাধিটি। তবে কবরস্থানটি যথারীতি চালু আছে এবং অনেকেই মৃতদের কবর দেয়া হয় এখানে।

বিভিন্ন গ্রন্থের তথ্যমতে, হাওয়ার সমাধির দৈর্ঘ্য ১২০ মিটার, প্রস্থ ৩ মিটার এবং উচ্চতা ৬ মিটার। বিভিন্ন মাধ্যমে রয়েছে হাওয়ার সমাধির বেশ কিছু ছবিও।

কবরস্থানটি জেদ্দার নগরকেন্দ্র বালাদের কাছে এবং জেদ্দার প্রধানতম সড়ক মদিনা রোডের পাশে। ফলে সেখানে যাওয়া বেশ সহজ। গাড়িতে বিভিন্ন স্থানে যাওয়া-আসার পথে প্রায়ই কবরস্থানের পাশ দিয়ে যাওয়া হয় আমার।

বছর সাতেক আগে বাংলাদেশি এক ভাইয়ের কলেজ-পড়ুয়া মেয়ে দুর্ঘটনায় মারা যায়। তার দাফন করার সময় 'হাওয়া' কবরস্থানে ঢোকার সুযোগ হয় প্রথম। কতো কী দেখব ভেবেছিলাম!

কিন্তু ভেতরে কোনো বিশেষত্ব চোখে পড়েনি। হদিসই পাইনি হাওয়ার সমাধির। শুধুই সারি সারি কবর। প্রতিটি কররের মাঝখানে কয়েক টুকরো পাথর দিয়ে চিহ্নিত করা কেবল।

সম্প্রতি আবারো সুযোগ হয় কবরস্থানটি দেখার। জেনেছিলাম, শুক্রবার জুমার নামাজের পর ঘণ্টা দুয়েকের জন্যে মূল ফটক খোলা হয় । ৪ নভেম্বর সেখানে গিয়েছিলাম, কিন্তু এবারও তেমন কিছুই চোখে পড়েনি। কেবল নিরাপত্তার খুবই কড়াকড়ি ছিল।

মূল ফটকের সাথে বেশ বড় একটি ছাউনি, দু'পাশে কাঠের বেঞ্চ পাতা। এখানে বসে মুসলিম দর্শনার্থীরা নানান প্রার্থনা করছেন।

আরবদের অনেকে পানিপাত্র থেকে পানি ঢেলে দিচ্ছেন নিজ পরিজনের কবরে। অনেকে আবার গম বা ডাল ছড়িয়ে দিচ্ছেন কবরস্থানের কবুতরদের জন্য। ঝাঁকে ঝাঁকে কবুতর সারা কবরস্থান জুড়ে। সারি সারি কবরের মাঝখানে রয়েছে পায়ে চলার পথ। কবরগুলোতে রয়েছে ক্রমিক নম্বর।

বেশ কিছু ছাতা ঝোলানো রয়েছে ছাউনিতে। অনেকে রোদ থেকে বাঁচতে ছাতা মাথায় ঢোকেন সেখানে। বিনা পয়সায় পাওয়া যাচ্ছে ঠাণ্ডা পানির বোতল।

এখানে ছবি তোলা একেবারে নিষিদ্ধ। চারপাশে কড়া নজর রাখছে নিরাপত্তা রক্ষী ও কবরস্থান কর্মীরা। ক্যামেরা নিয়ে ঢোকার তো প্রশ্নই আসে না। এতোকিছুর পরেও মুঠোফোনে কেউ হয়তো দু-একখানা ছবি তুলে ফেলেন গোপনে। লুকিয়ে এমনই কয়েকটা ছবি তোলার সুযোগ নিয়েছি আমিও, তবে সেটা বাংলাদেশিদের কৌতুহল মেটাবার স্বার্থেই!

লেখক : প্রবাসী শিশু সাহিত্যিক

ইমেইল : a.bashar@eajb.com.sa