২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীর কাছে চিঠি: ক্রিকেটার হতে চান প্রবাসী শ্রমিক

মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি শ্রমজীবী জোটন চন্দ্র দাস। তার চিঠি প্রবাসে থাকা অগণিত শ্রমজীবীর এক দু:খগাঁথা যেন!

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রবাস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 06:03 PM

Updated : 20 Aug 2022, 02:08 PM

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রবাস পাতায় তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উদ্দেশ্য করে একটি খোলা চিঠি পাঠিয়েছেন। জোটনের পাঠানো সেই চিঠিটি এক নজরে পড়লেই বোঝা যায় তার আবেগের গভীরতা।

শ্রমিকের কাজ ছেড়ে দেশে এসে ক্রিকেটার হতে চেয়েছেন জোটন। আর সেজন্য প্রধানমন্ত্রীর কাছে চেয়েছেন সহযোগিতা।

বয়স বেশি হয়নি জোটনের। মাত্র ২২ বছর। জীবিকার তাগিদে ও পরিবারের অর্থকষ্ট মেটাতে সেখানে শ্রমিকের কাজ করেন তিনি।

জোটনের স্নেহময়ী মা অন্যের বাড়িতে কাজ করে কোনো রকমে উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়িয়েছেন ছেলেকে। দেশে থাকতে সকালে পত্রিকা আর বিকালে আনারস বিক্রি করতেন জোটন। কিছু টাকা জমিয়ে আর কিছু টাকা ঋণ নিয়ে মালয়েশিয়া আসেন উচ্চশিক্ষার আশায়। কিন্তু দেশে মায়ের ঋণ শোধ করতে পড়াশুনার পাশাপাশি কাজ করতে হয় জোটনকে। জোটনের মন পড়ে থাকে বাংলাদেশে মায়ের কাছে। তিনি অসুস্থ মায়ের কাছে ফিরে আসতে চান। মাতৃভূমির জন্য কাজ করতে চান।

ক্রিকেট খেলার প্রতি জোটনের দুর্দান্ত আকর্ষণ। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সেই চিঠিতে জোটন লিখেছেন, “আমি ভালো ক্রিকেট খেলি ও বুঝি। আপনি আমাকে ঢাকার কোন ক্লাবে উন্নত অনুশীলনের ব্যবস্থা করে দিলে, আমি নিজেকে প্রমান করার চেষ্টা করবো। আমার আত্ম-বিশ্বাস, আমার ক্রিকেট "বাংলাদেশ ক্রিকেট" ইতিহাসের নতুন এক অধ্যায়ের সূচনা করবে।”

জোটন জানিয়েছেন ৪ নভেম্বর তার ভিসার মেয়াদ শেষ। এর মধ্যে দেশে ফিরে তিনি দেশের সম্মানের জন্য কাজ করতে চান।

প্রধানমন্ত্রীর কাছে চিঠি