২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে মাসব্যাপী বাংলা নাট্যোৎসব শুরু

লন্ডনের টাওয়ার হ্যামলেটসে শুরু হয়েছে মাসব্যাপি বাংলা নাট্যোৎসব ‘এ্যা সিজন অব বাংলা ড্রামা’। বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে উদযাপনের জন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উদ্যোগে প্রতি বছর নভেম্বর মাসে এই নাট্যোৎসবের আয়োজন করা হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লন্ডন প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Nov 2016, 04:09 PM

Updated : 11 Oct 2022, 09:00 PM

বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ব্রাডি আর্ট সেন্টারে শাড়ীর জন্ম বৃত্তান্ত নিয়ে শমি দাসের অভিনীত একটি ১০ মিনিটের স্কেচ দিয়ে নাট্যোৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ৩রা নভেম্বর থেকে শুরু হওয়া উৎসবের শেষ হবে ২৭ নভেম্বর।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের হেড অব আর্টস এ্যান্ড লেইজার স্টিভ মারি, লিড ড্রামাটার্জ আলী ক্যাম্পবেল ও বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার নাদিম কাদির।

এরপর ‘রাপচার’ নামের একটি নাটক মঞ্চস্থ হয়। রক্ষণশীল মুসলিম পরিবারের বেড়ে ওঠা এক মেয়ের র‍্যাপার হয়ে উঠার গল্প নিয়ে এই নাটক লিখেছেন ড. কানান সালি। নাটকটি অগাস্টে এডিনবরা ফ্রিঞ্জ ফেস্টিভ্যালে মঞ্চস্থ হয়।

লন্ডনে বাংলা নাট্যোৎসবের ১৪তম এই বার্ষিক আয়োজনে মঞ্চ নাটকের পাশাপাশি থাকবে নৃত্যনাট্য, গান, কবিতা ও কৌতুকের আসর। উৎসবে আরও থাকবে যুক্তরাজ্যে বাঙালির আগমন ও অধিকার আদায়ের সংগ্রামের স্মৃতি রোমন্থনে ঐতিহাসিক স্থান পরিদর্শন ‘হিস্ট্রি ওয়াক’।

টাওয়ার হ্যামলেটসের পাঁচটি ভেন্যুতে যেসব নাটক মঞ্চায়ন করা হবে এগুলোর মধ্যে রয়েছে ডিরেক্টর জয়ন্ত রায়ের পরিচালনায় ‘বশীকরণ’, পবিত্র ঘোষের পরিচালনায়‘ বুড়ো শালিকের ঘরে রও’, সৈয়দা সায়মা আহমদের পরিচালনায় ‘জুতা আবিস্কার’সহ ‘নবিতুনের নববর্ষ’, ‘মায়ার হানিমুন’, ও সাঈম চৌধুরী রচিত উদীচী শিল্পী গোষ্ঠির ‘জিহাদির মা’।

টাওয়ার হ্যামলেটস কাউন্সিরের নির্বাহী মেয়র জন বিগস এক বিবৃতিতে সবাইকে এই বাংলা নাট্যোৎসবে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে বলেন,  “বাংলার ঐতিহ্য আর সমসাময়িক ভাবনার মিশেলে চমৎকার এই উৎসব সব ভাষাভাষী মানুষের জন্য উপভোগ্য হবে”।

আর্টস কাউন্সিল ইংল্যান্ড, ক্যানারি হোয়ার্ফ গ্রুপের পৃষ্টপোষকতায় ও কুইন মেরি বিশ্ববিদ্যালয়ের অংশীদারিত্বে এবারের নাটকের উৎসব অনুষ্ঠিত হচ্ছে।