সিঙ্গাপুর বিনিয়ালে বাংলাদেশের শিল্পকর্ম
সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামের উদ্যোগে তিন দিনব্যাপী অনুষ্ঠিত হয়েছে ‘সিঙ্গাপুর বিনিয়াল, ২০১৬।’
সিঙ্গাপুর আর্ট মিউজিয়ামে ২৭ থেকে ২৯ অক্টোবর এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে আটটি ভেন্যুতে ১৯টি দেশ ও এশিয়ার অন্তর্ভুক্ত বিভিন্ন অঞ্চলের ৬৩জন শিল্পীর ৫৮টি শিল্পকর্ম স্থান পায়।
শনিবার স্থানীয় সময় বিকাল ৪টা ৩০ মিনিটে মিউজিয়ামের আর্ট গ্যালারিতে ভারতের ত্রিপুরা রাজ্যের ভাস্কর্যশিল্পী রাথিন বর্মনের সৃষ্ট চিত্রকর্ম প্রদর্শনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ উদ্ভোধন করা হয়। ভাস্কর্য শিল্পী রাথিন বর্মন তার চিত্রকর্মে তুলে ধরেন অভিবাসী শ্রমিকদের লিটল ইন্ডিয়ার বাসস্থান, জীবন ব্যবস্থা, নদীমাতৃক বাংলাদেশ এবং অভিবাসীদের স্বদেশ স্মৃতি।
এ বছর ‘সিঙ্গাপুর বিনিয়ালে’ প্রথমবারের মতো অংশ নিয়েছে সিঙ্গাপুর থেকে প্রকাশিত মাসিক বাংলা পত্রিকা ‘বাংলার কণ্ঠ’। প্রতিষ্ঠানটির সহযোগিতায় অভিবাসী বাংলাদেশি কবিরাও অনুষ্ঠানে অংশ নেন।
বাংলাদেশের চিত্রশিল্পী মোনেম ওয়াসিফের আলোকচিত্র প্রদর্শনীর জন্য আলাদা গ্যালারি রাখা হয় অনুষ্ঠানে। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকার বাস্তব প্রতিচ্ছবি নিয়ে তার শিল্পকর্মগুলো ঘুরে দেখেন অনুষ্ঠানে আসা দর্শনার্থীরা।
অনুষ্ঠানে সমাপনী বক্তব্য দেন ‘বাংলার কণ্ঠ’ ও ‘দিবাশ্রম’র প্রতিষ্ঠাতা একেএম মোহসীন।
২০০৬ সালে ‘দি ন্যাশনাল আর্টস কাউন্সিল’র উদ্যোগে প্রথমবার অনুষ্ঠিত হয় ‘দ্য বিনিয়াল’। তখন ৩৮টি দেশের বিভিন্ন অঞ্চলের ৯৫ জন শিল্পীর ১৯টি শিল্পকর্ম ১৯টি ভেন্যুতে প্রদর্শিত হয়েছিল। এরপর থেকে প্রতি বছর এ অনুষ্ঠানের আয়োজন করে আসছে প্রতিষ্ঠানটি।
