নিউ ইয়র্কে 'ঊনবাঙাল'র সাহিত্যসভা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের হলিসে প্রবাসী বাংলাদেশিদের সাহিত্য সংগঠন ঊনবাঙাল-এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে নবম সাহিত্য সভা।
স্থানীয় সময় শনিবার নিউ ইয়র্কের হলিসে অনুষ্ঠিত ওই সভায় স্বাগত বক্তব্য রাখেন সংগঠনটির অন্যতম উদ্যোক্তা মুক্তি জহির।
নিউ ইয়র্কের সাহিত্য চর্চায় দিনদিন গুরুত্বপূর্ণ নাম হয়ে উঠছে ‘ঊনবাঙাল’, যার অন্যতম উদ্যোক্তা কবি কাজী জহিরুল ইসলাম। সেই সাথে রয়েছেন মুক্তি জহির।
এই দম্পতির উদ্যোগে সাড়া দিয়ে এতে যুক্ত হয়েছেন নিউ ইয়র্কে বসবাসকারি লেখক, কবি ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। এমনকি অন্যান্য স্টেট থেকেও কবি ও লেখকরা এই সংগঠনের সাথে কাজ করছেন।
তিনি বলেন, ‘আমি বিশ্বাস করি বাংলা ভাষায় আন্তর্জাতিক মানের অনেক সাহিত্যকর্ম হচ্ছে। কেবল অনুবাদ করে সঠিক জায়গায় তুলে ধরার অভাবে, যথাযথ স্বীকৃতি মিলছে না। আমরা সেই কাজটিই করতে চাই’।
ভবিষ্যতে ঊনবাঙাল এর পক্ষ থেকে সাহিত্য পুরস্কার প্রবর্তনসহ নানা উদ্যোগ নেয়ার কথা জানালেন মুক্তি জহির।
লেখক ও সাংবাদিক শামীম আল আমিনের প্রাণবন্ত সঞ্চালনায় এতে কবিতা পাঠ করেন আহমেদ মুসা, লিয়াকত আলী, ইকবাল হোসেন, শাহ আলম দুলাল, আশরাফুন নাহার লিউজা। গল্প পাঠ করেন ফেরদৌস সাজেদীন ও আনোয়ার হোসাইন মঞ্জু।
পরে কবি, গীতিকার ও সুরকার তাজুল ইমাম পরিবেশন করেন তার বিখ্যাত কয়েকটি গান। ‘পলাশ ফুটেছে, শিমুল ফুটেছে...’, ‘কান্দো কেন মন পাগলারে..’সহ আরও কয়েকটি গান পরিবেশন করে উপস্থিত সবাইকে মুগ্ধ করেন তিনি।
এছাড়া সঙ্গীত পরিবেশন করেন ইকবাল হোসেন।
লেখক: সাংস্কৃতিক কর্মী।
