২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লন্ডনে বাংলাদেশি ফুটবল ক্লাবের ৩০ বছর পূর্তি

বাঙালি সংগঠকদের নেতৃত্বে যুক্তরাজ্যে প্রতিষ্ঠিত ও পরিচালিত ফুটবল ক্লাব ‘লন্ডন টাইগার্স’ তাদের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

আবু মুসা হাসান, যুক্তরাজ্যের লন্ডন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Oct 2016, 04:16 PM

Updated : 11 Oct 2022, 08:58 PM

সোমবার সেন্ট্রাল লন্ডনের পরচেস্টার হলে ক্লাবটির প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। এ উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বের জন্য লন্ডন টাইগার্স ক্লাবের সদস্য, সেচ্ছাসেবক ও সংগঠকদের সম্মাননা পুরস্কার দেওয়া হয়।

৩০তম প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন লন্ডন টাইগার্সে’র ট্রাস্টি, হাউস অফ কমন্সের সদস্য, মেয়র এবং লন্ডন অ্যাসেম্বলির সদস্যসহ অতিথিরা। অনুষ্ঠানে প্রায় সাড়ে চার'শ অতিথি উপস্থিত ছিলেন।

বাংলাদেশের সিলেটের মেসবাহ আহমদ ১৯৮৬ সালে প্রতিষ্ঠা করেছিলেন ‘ম্যারিলিবোন ফুটবল ক্লাব’। ১৯৯৯ সালে তিনি ম্যারিলিবোন ফুটবল ক্লাবের নামকরণ করলেন ‘লন্ডন টাইগার্স’।

২০০১ সালেই বাংলাদেশি বংশোদ্ভুত ফুটবলারদের সমন্বয়ে গঠিত ‘লন্ডন টাইগার্স’ ইনার লন্ডন ওয়ার্ল্ড কাপে চ্যাম্পিয়ন হয়।

অনুষ্ঠানে লন্ডন টাইগার্সে’র প্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহ আহমদ বলেন, “৩০ বছরে লন্ডন টাইগার্স অনেক পথ অতিক্রম করেছে। বর্তমানে লন্ডন টাইগার্স লুটন, ওল্ডহ্যাম এবং বর্মিংহামে বিস্তৃত হয়েছে।”

তিনি আরো জানান, যুক্তরাজ্যে বসবাসরত ৬০টি জাতীয়তার ছেলে-মেয়েরা এখন লন্ডন টাইগার্সের সক্রিয় সদস্য। বর্তমানে বিভিন্ন কমিউনিটির বিভিন্ন বয়সের প্রায় ছয় হাজার সদস্য লন্ডন টাইগার্সের ফুটবল, ক্রিকেট এবং ব্যাডমিন্টন ক্লাবের পাশাপাশি স্বাস্থ্য সেবাসহ বিভিন্ন প্রকল্পগুলো নিয়মিত ব্যবহার করছেন।

লেখক: সাবেক কূটনীতিক ও প্রবাসী সাংবাদিক