প্রধানমন্ত্রীকে প্রবাসী মুক্তিযোদ্ধাদের অভিনন্দন
খেতাবপ্রাপ্ত ও যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধিতে বাংলাদেশ সরকার ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মুক্তিযোদ্ধারা।
সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া এক বিবৃতিতে প্রবাসী মুক্তিযোদ্ধারা বলেন, “খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের মতো অপর জীবিত মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতাও বাজার দরের সঙ্গে সঙ্গতি রেখে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া দরকার। এতে দেশ ও প্রবাসের মুক্তিযোদ্ধা-পরিবার উপকৃত হবেন।”
তারা আরও বলেন, “বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় ফিরিয়ে আনার পাশাপাশি মুক্তিযোদ্ধাদের সামাজিক ও রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ায় শেখ হাসিনার অবদান ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।”
বিবৃতি দেওয়া মুক্তিযোদ্ধাদের মধ্যে রয়েছেন বিজ্ঞানী নূরন্নবী, মুক্তিযোদ্ধা কমান্ডার নূরনবী, এম এ বাতেন, আবু তাহের, মশিউল আলম জগলু, রাশেদ আহমেদ, লাবলু আনসার, খোরশেদ আনোয়ার বাবলু, এ বি সিদ্দিক ও ইউসুফ চৌধুরী।
এর আগে সচিবালয়ে মন্ত্রিসভার এক বৈঠকে খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিতরণ নীতিমালা ২০১৬ এর খসড়া এবং খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা এবং শহীদ পরিবারবর্গের মাসিক সম্মানী ভাতা বৃদ্ধির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।
