২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ কাদরী কীর্তি সম্মিলনী: চন্দ্রাহত যাজকের শ্লোক

আধুনিক বাংলা কবিতার শ্রেষ্ঠতম একজন কবি শহীদ কাদরী। বাংলা ভাষাভাষী মানুষের গর্ব তিনি। বিশেষ করে শহীদ কাদরী ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলা সাহিত্য ও সংস্কৃতি চর্চার প্রাণকেন্দ্র।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়া থেকে, লালন নূর

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2016, 09:16 PM

Updated : 11 Oct 2022, 08:57 PM

একুশে পদক পাওয়া এই কবির বিদায়ে বিরাটভাবে শূন্য হয়ে গেছে, সেই জায়গাটি। তবে এরপরও শহীদ কাদরী বেঁচে থাকবেন তার চিন্তা ও কাজের মাধ্যমে।

তাই ২২ অক্টোবরে শহীদ কাদরী নিয়ে অনুষ্ঠানটির শিরোনামে 'স্মরণসভা' কথাটি নেই। বলা হয়েছে -'শহীদ কাদরী কীর্তি সম্মিলনী: চন্দ্রাহত যাজকের শ্লোক’।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ার হ্যাটফিল্ডে 'সংবেদের বাগান' নামের একটি সংগঠন আয়োজন করে, অসাধারণ এক অনুষ্ঠানের। কথা, কবিতা, আবৃত্তি আর তথ্যচিত্র প্রদর্শন ছিল এই আয়োজনে।

সুস্মিতা গুহ রায়ের প্রাণবন্ত উপস্থাপনায় শহীদ কাদরীর কবিতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়।

আবৃত্তি করেন রিপা নূর, শহীদুল ইসলাম, সিলমি, নাইমুর ও নিপা রায়। কবির ‘তোমাকে অভিবাদন প্রিয়তমা’ কবিতাটির সাথে নাচে অংশ নেন দিয়া ফেরদৌসী।

এরপর শহীদ কাদরীর উপর নির্মিত একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়। এতে কবির বিভিন্ন সময়ের দুর্লভ ভিডিও সাক্ষাৎকারও অন্তর্ভুক্ত ছিল। এরপর কথা ও কবিতায় অংশ নেন বদরুজ্জামান আলমগীর, লালন নূর, মফিজুল ইসলাম, আলী সিদ্দিকী, খালেদ সরফুদ্দীন প্রমুখ।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিলেন নিউ ইয়র্ক থেকে আসা কয়েকজন কবি, ছড়াকার এবং সাংবাদিক। এ সময়ে অত্যন্ত খ্যাতিমান কবি কাজী জহিরুল ইসলাম পর পর কয়েকটি কবিতা পড়ে শোনান।

এছাড়া ছড়া ও কবিতা পাঠ করেন মাহাবুব হাসান, সৈয়দ কামরুল, মনজুর কাদের, আশরাফুন নাহার লিউজা এবং শামস চৌধুরী রুশো।

প্রাঞ্জল ভাষায় বক্তব্য রাখেন নিউ ইয়র্কের জনপ্রিয় টেলিভিশন টিবিএন টোয়েন্টিফোর- এর হেড অব নিউজ শামীম আল আমিন।

সবমিলিয়ে তিনঘণ্টার এই আয়োজন হয়ে ওঠে মনে রাখার মতো একটি সন্ধ্যা। যে সন্ধ্যায় শহীদ কাদরী ছিলেন সবার মাঝে। তিনি থাকবেন।

লেখক: কবি ও সংগঠক