২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নিউ ইয়র্কে ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন ২৩ অক্টোবর

নিউ ইয়র্কে প্রবাসী বাংলাদেশিদের সংগঠন ‘বাংলাদেশ সোসাইটি’র আসন্ন নির্বাচন ঘিরে মাঠে নেমেছেন দুই প্যানেলের প্রার্থী ও তাদের সমর্থকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নিউ ইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Oct 2016, 01:09 PM

Updated : 25 Jul 2022, 09:31 PM

আগামী ২৩ অক্টোবর রোববার ‘বাংলাদেশ সোসাইটি’র নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নিউ ইয়র্ক সিটির কুইন্স, ব্রুকলিন এবং ব্রঙ্কসে ৫টি কেন্দ্রে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ভোট অনুষ্ঠিত হবে।

ওই নির্বাচনে ১৯টি পদে দুটি প্যানেলের মোট ৩৯ জন প্রার্থী এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১৯৭৫ সালে প্রতিষ্ঠিত এই সোসাইটির নির্বাচনে এবার সর্বোচ্চ সংখ্যক ১৮ হাজার ৫৫১ জন ভোটার ভোট দেওয়ার সুযোগ পাবেন।  

১৯৯০ সাল থেকে ২৬ বছর ধরে সংগঠনটির নির্বাচনের আগ দিয়ে অংশগ্রহণকারী প্রার্থীরা নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে একটি কম্যুনিটি সেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার করে আসছেন।

৪১ বছর বয়সী সংগঠনটির নির্বাচন প্রতি দুই বছর পরপর অনুষ্ঠিত হলেও কম্যুনিটি সেন্টারটি প্রতিষ্ঠিত হয়নি।

এবারও নির্বাচনে অংশ নেওয়া দুই প্যানেলের প্রার্থীরা কম্যুনিটি সেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার নিয়ে জনসংযোগে মাঠে নেমেছেন।

এ নির্বাচন ঘিরে নিউ ইয়র্ক অঞ্চলের তিন লাখ প্রবাসীর আগ্রহ ও উদ্দীপনা তৈরি হয়েছে। প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকাগুলোতে পোস্টার, ব্যানার এবং প্ল্যাকার্ডে ছেয়ে গেছে।

‘বাংলাদেশ সোসাইটি’র এই নির্বাচনে সভাপতি পদে লড়ছেন তিনজন। দুইটি প্যানেল থেকে দাঁড়িয়েছেন বর্তমান সভাপতি আজমল হোসেন কুনু এবং গত নির্বাচনে তার কাছে পরাজিত কামাল আহমেদ। এছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে ওসমান চৌধুরী লড়ছেন।

কুনুর প্যানেলে সেক্রেটারি পদে লড়াই করছেন কাজী সাখাওয়াত হোসেন আজম। আর কামাল আহমেদের প্যানেলের সেক্রেটারি পদে দাঁড়িয়েছেন রুহুল আমিন সিদ্দিকী। কামাল আহমেদও দু’বছর আগের কার্যকরী কমিটিতে সভাপতির দায়িত্ব পালন করেছেন।

নির্বাচনকে সামনে রেখে দুই প্যানেলের কমিউনিটি সেন্টার প্রতিষ্ঠার অঙ্গীকার বাদেও যেসব অঙ্গীকার রয়েছে সেগুলো হলো- বাংলাদেশ সোসাইটিকে আরো গণমুখী করা, কম্যুনিটি সেন্টার প্রতিষ্ঠা, স্থায়ী শহীদ মিনার নির্মাণ, বাংলাদেশ ডে প্যারেড আয়োজন, বাংলা স্কুল পুনরায় চালু, নবাগত প্রবাসীদের বাসস্থান ও চাকরির সহায়তা প্রদান।  

নির্বাচনী অঙ্গীকার নামায় কুনু-আজম প্যানেল সাত দফা কর্মসূচি এবং কামাল-রুহুল প্যানেল ১৫ দফা কর্মসূচি দিয়েছে। সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতারত স্বতন্ত্র প্রার্থী ওসমান চৌধুরীও কাজ করছেন ৮ দফা কর্মসূচি নিয়ে।

বাংলাদেশ সোসাইটির এই নির্বাচনটি পরিচালনা করবে পাঁচ সদস্যের নির্বাচন কমিশন, যার প্রধান হচ্ছেন সৈয়দ টিপু সুলতান। কমিশনের অন্য সদস্যরা হলেন- আব্দুল হাকিম, আনোয়ার হোসেন, জামান তপন ও ইউনুস সরকার।

সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের জন্যে যাবতীয় প্রস্তুতি সম্পন্ন বলে নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে। নিউ ইয়র্ক সিটির যে পাঁচটি কেন্দ্রে ভোট নেওয়া হবে সেগুলো হলো- কুইন্সের গুলশান ট্যারেস বা ‘ঢাকা ক্লাব’, ব্রুকলিনের কোনি আইল্যান্ড এভিনিউতে পাঞ্জাব হল, ওজনপার্কে মদিনা পার্টি হল,  ব্রঙ্কসের গোল্ডেন প্যালেস।

এছাড়া জ্যামাইকাতেও একটি ভোট কেন্দ্র স্থাপন করা হবে।

‘কুনু-আজম’ প্যানেলের নির্বাচনী স্লোগান হচ্ছে- "সৃজনশীল, যোগ্য, সৎ, গতিশীল নেতৃত্বের প্রত্যাশায়।"

এ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে আজমল হোসেন কুনু, সিনিয়র সহ সভাপতি পদে মোহাম্মদ শাহনেওয়াজ, সহ সভাপতি পদে শফি আলম লাল, সাধারণ সম্পাদক পদে কাজী সাখাওয়াত হোসেন আজম, কোষাধ্যক্ষ পদে নিশান রহিম, সহ-সাধারণ সম্পাদক পদে মফিজুল ইসলাম ভুইয়া রুমি, সাংগঠনিক সম্পাদক পদে একেএম রফিকুল ইসলাম ডালিম, সাংস্কৃতিক সম্পাদক পদে মোহাম্মদ সেলিম ইব্রাহিম, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মোহাম্মদ রিজু, সমাজ কল্যাণ সম্পাদক পদে মোহাম্মদ খান টিপু, সাহিত্য সম্পাদক পদে শেখ হায়দার আলী, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে সম্রাট হোসেন এমিলি, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে ওয়াহিদ কাজী এলিন এবং কার্যকরী পরিষদ সদস্য পদে কাজী তোফায়েল ইসলাম, সরোয়ার খান বাবু, জামাল উদ্দিন, এমডি আশ্রাব আলী খান লিটন, আবুল কে আকন্দ ও শাহনাজ আলম লিপি।

‘কামাল-রুহুল’ প্যানেলের প্রার্থীরা হলেন- সভাপতি পদে কামাল আহমেদ, সিনিয়র সহ সভাপতি পদে আব্দুর রহিম হাওলাদার, সহ সভাপতি পদে আ. খালেক খায়ের, সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ রুহুল আমিন সিদ্দীকি, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলী, সহ- সাধারণ সম্পাদক পদে সৈয়দ এমকে জামান, সাংগঠনিক সম্পাদক পদে আবুল কালাম ভুইয়া, সাংস্কৃতিক সম্পাদক পদে মনিকা রায়, সমাজ কল্যাণ সম্পাদক পদে নাদির এ আইয়ুব, সাহিত্য সম্পাদক পদে নাসির উদ্দীন আহমদ, ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক পদে মোহাম্মদ এম হোসেন, স্কুল ও শিক্ষা বিষয়ক সম্পাদক পদে আহসান হাবিব, প্রচার সম্পাদক পদে সিরাজুল হক জালাল এবং কার্যকরী পরিষদ সদস্য পদে মোহাম্মদ সাদি মিন্টু, আবুল কাসেম চৌধুরী, ফারহান চৌধুরী, মোহাম্মদ আজাদ বাকির, মাইনুদ্দীন মাহবুব ও মইনুল ইসলাম।