সৌদি ঘর সাজানো: বাংলাদেশি ক্ষুদ্র ব্যবসায়ীর ভিডিও সাক্ষাৎকার
সৌদি আরবে বসবাস করেন প্রায় ১৫ থেকে ১৭ লাখ বাংলাদেশি। নানা পেশার প্রবাসী রয়েছেন সেখানে। তাদের কেউ কেউ ব্যবসাও করেন। তেমনি একজন আমানুল্লাহ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের জন্য এই প্রবাসী ক্ষুদ্র ব্যবসায়ীর সাক্ষাৎকার ভিডিওতে নেওয়া হয়েছে। ভিডিও রিপোর্টটি সংযুক্ত করার পাশাপাশি কথোপকথনের লিখিত অংশটিও তুলে ধরা হল:
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : আপনি কেমন আছেন? দোকানে কে কে কাজ করেন?
আমানুল্লাহ: আমি ভালো আছি। কয়েকজন লোক মিলে এই দোকান দিসি। আমি নিজেও কাজ করি, আবার আমার লোক দিয়েও কাজ করাই। অর্ডার নিচ্ছি। লোকজন আসতেসে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : কী কী জিনিস বিক্রি করেন আপনি?
আমানুল্লাহ: এখানে অনেক রঙের ও মাপের টাইলস আছে। থাই টাইলস বেশি। এছাড়া মালয়েশিয়া থেকেও টাইলস ইম্পোর্ট করি। এককেটা রঙের একেক দাম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : এই ব্যবসাটা কেমন?
আমানুল্লাহ: ঘর সাজাতে টাইলসের বিকল্প নেই। ফুল, ফল, ঝরণা ইত্যাদি আঁকা টাইলস ব্যবহার করা হয় রান্নাঘর, বাথরুম এমনকি শোবার ঘরে। সৌদিদের বাড়িতে এগুলোর কদর বেশি। এছাড়া জানালার শাটার, ওয়ালমেট ইত্যাদিও আমার দোকানে পাওয়া যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : কত বছর ধরে আপনি এই কাজ করেন? আয় কতো হয়?
আমানুল্লাহ: প্রায় দেড় বছর ধরে আমি সৌদি আরব আছি। আমি এসেছিলাম ফ্রি ভিসায়। মাসে আয় ৫০ থেকে ৬০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : আপনি কতক্ষণ কাজ করেন?
আমানুলাহ: এখানে সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত দোকান খোলা থাকে। অর্ডার আসলে আমি কাজ করি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : দেশে আপনার কে কে থাকে? তারা কী করেন?
আমানুল্লাহ: আমরা চার ভাই দুই বোন। আমার ছোট ভাই এখানে সৌদি আরবেই থাকে। আমার বড় ভাই ঢাকায় কাজ করেন। একটা বোন বিয়ে হয়েছে, তার স্বামী সৌদিতেই থাকেন। আমার ছোট একটা ভাই আছে, ছোট একটা বোন আছে, তারা মাদ্রাসায় পড়াশুনা করে। বাড়িতে টাকা পাঠাই। সংসারের খরচ দেই। বাবা মা বেঁচে আছেন। দেশে জায়গা জমি কিনেছি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : বাড়ি গিয়েছেন এর মধ্যে?
আমানুলাহ: গত দেড় বছরে এখনও বাড়ি যাই নাই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : আপনার কফিলকে (মালিক) কতো টাকা দিতে হয়?
আমানুলাহ : আমার কফিলকে টাকা দিতে হয়। মাসে ৩৫০ রিয়াল। বছরে ৩৬৫০ রিয়াল। আকামা নিজেরটা নিজেই বানাতে হয়। বাসায় পাঁচ জন আছি। মাসে ৩০০ টাকা (রিয়াল) দিয়ে একজন রাধুনি রেখেছি। তার বাড়ি সিলেট। সে খুব ভালো রান্না করে ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম : বাংলাদেশে টাইলসের ব্যবসা নিয়ে কিছু জানেন?
আমানুল্লাহ: একই কাজ যদি বাংলাদেশি করতাম আমি জানি না এরকম করে করতে পারতাম কিনা। তবে শুনেছি ঢাকাতেও টাইলসের ব্যবসা হয়। আমার কোন আত্মীয় যদি এই ব্যবসা করতে চায় আমি তাদের পরামর্শ দিতে পারবো কিভাবে এই কাজ করতে হয়।
লেখক: রিয়াদে বাংলাদেশ দূতাবাসের কনসুলার অ্যাসিসট্যান্ট হিসেবে কাজ করেন।
