সিঙ্গাপুরে বাংলাদেশ হাই কমিশনারের বিদায় সম্বর্ধনা
সিঙ্গাপুরে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বিদায় সম্বর্ধনা জানালেন সিঙ্গাপুরে বাংলাদেশের হাই কমিশনার মাহবুব উজ জামানকে।
মঙ্গলবার স্থানীয় সময় সন্ধ্যায় সিঙ্গাপুরের পার্ক রয়্যাল হোটেলের বলরুমে এই অনুষ্ঠানের আয়োজন করেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীদের সংগঠন ‘বাংলাদেশ বিজনেস চেম্বার’(বিডিচ্যাম)।
এ সময় বিডিচ্যামে’র সভাপতি মির্জা গোলাম সবুর ও সাধারণ সম্পাদক নাসিরুল উসলাম মনি বিদায়ী হাই কমিশনার মাহবুব উজ জামানকে সন্মাননা স্মারক উপহার দেন।
এর আগে মাহবুব উজ জামান শ্রী লংকায় বাংলাদেশ সরকারের হাই কমিশনার, নয়া দিল্লি, অটোয়া, টোকিও, জেনিভা ও নিউ ইয়র্কে বাংলাদেশ স্থায়ী মিশনের বিভিন্ন পদে কর্মরত ছিলেন।
বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দেন- বিডিচ্যামে’র সহ-সভাপতি মো. শহীদুজ্জামান, সিঙ্গাপুর বাংলাদেশ সোসাইটি’র (এসবিএস) ভূতপূর্ব সভাপতি ও বিডিচ্যামে’র নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান রফিকুল কাদের, ‘বাংলার কন্ঠ’ পত্রিকার সম্পাদক একেএম মোহসীন, বিডিচ্যামে’র বিদায়ী সাধারণ সম্পাদক ও পরিচালনা পরিষদ সদস্য আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক ও পরিচালনা পরিষদ সদস্য জাহাঙ্গীর আলম জনি, পরিচালনা পরিষদ সদস্য মো. হাবিবুল্লাহ পাটোয়ারী, আসাদ মামুন, অধ্যাপক আব্দুর রহিম, আহমেদ আলী খান, সামসুর রহমান ফিলিপ ও বিডিচ্যামে’র প্রতিষ্ঠাতা সভাপতি ক্যাপ্টেন সোহেল হাসান।
