২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মাদ্রিদে দুর্গোৎসব

নানা আয়োজনের মধ্য দিয়ে স্পেনের মাদ্রিদে পালিত হলো বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান দুর্গা পূজা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাহাদুল সুহেদ, মাদ্রিদ স্পেন থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2016, 05:30 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

শুক্রবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে এই দুর্গোৎসব। মঙ্গলবার বিজয়া দশমী পালনের মাধ্যমে মাদ্রিদ প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা এ ধর্মোৎসব পালন করেন।

এবার দুর্গা পূজা উপলক্ষে মাদ্রিদের বাঙালি অধ্যুষিত এলাকা লাভা পিয়েসের পাশে খোয়ানেলো রোড ও ফে রোডের দুটি হলে আলাদা দুটি পূজা মণ্ডপ তৈরি করা হয়। বাঙালি হিন্দু সম্প্রদায়ের কাছে এ পূজা মণ্ডপ আরাধনার পাশাপাশি ছিল মিলনমেলার ক্ষেত্রও।

সোমবার স্পেনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার মাদ্রিদের পূজা মণ্ডপ দুটি পরিদর্শন করেন।

তিনি সবাইকে শারদীয় শুভেচ্ছা জানিয়ে বলেন, “বাংলাদেশকে একটি অসম্প্রদায়িক রাষ্ট্রে প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। দেশে আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণে থাকায় এ বছর পূজা মণ্ডপের সংখ্যাও বৃদ্ধি পেয়েছে।”

রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকারের সঙ্গে বাংলাদেশ দূতাবাসের হেড অব চেন্সেরি হারুণ আল রাশিদ, কমার্শিয়াল কাউন্সিলর মোহাম্মদ নাভিদ শফিউল্লাহ, ফার্স্ট সেক্রেটারি (লেবার উইং) মোহাম্মদ শরিফুল ইসলাম, স্পেন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল কাইয়ূম সেলিম, সহ-সভাপতি ফয়জুর রহমান, সাধারণ-সম্পাদক জহিরুল ইসলাম ও যুগ্ম-সম্পাদক আব্দুর রহমান উপস্থিত ছিলেন।

মাদ্রিদ পূজা উদযাপন পরিষদের সভাপতি উত্তম মিত্র ও সাধারণ সম্পাদক স্বপন কুমার সাহা বলেন, “দেশের মতো আনন্দঘন পরিবেশ না থাকলেও এখানে আমরা নিজেদের মধ্যেই এ উৎসবকে ভাগাভাগি করে নিই।”

পূজা উপলক্ষে বাংলাদেশ এসোসিয়েশনের হলরুমে আয়োজন করা হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে শ্রোতাদের জন্য গান পরিবেশন করেন প্রবাসী শিল্পী আরিফ রানা ও কুমকুম।