২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

অস্ট্রেলিয়ায় বাংলাদেশি ক্রিকেটারের খোঁজে

অস্ট্রেলিয়ার মূলধারার ক্রিকেটে প্রবাসীদের অংশগ্রহণ বাড়াতে ও বাংলাদেশি ক্রিকেটারের খোঁজে সিডনিতে শুরু হয়েছে অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

হাসান তারিক, অস্ট্রেলিয়া থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Oct 2016, 04:22 PM

Updated : 11 Oct 2022, 08:52 PM

২৫ সেপ্টেম্বর সিডনির ক্লেমটন পার্কে এ বছরের অরিজিন ক্রিকেট কাপ টুর্নামেন্টের উদ্বোধন করেন ফেডারেল নির্বাচনে প্রতিদ্বন্ধিতাকারী বাংলাদেশি লিবারেল নেতা শাহেজামান টিটু।

এসময় অন্যদের মধ্যে প্রাক্তন কাউন্সিলর কার্ল সালেহ, স্টেট নির্বাচনের প্রার্থী সুফি কটসিস, অরিজিন ক্রিকেটের চেয়ারম্যান মোদাচ্ছের রাব্বানী ও প্রেসিডেন্ট মোহাম্মদ হুদাসহ কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

তৃতীয়বারের মত অনুষ্ঠিত এই টি-টোয়েন্টি টুর্নামেন্টের দুটি গ্রুপে অংশ নিয়েছে মোট ১৮টি দল। প্রতি সপ্তাহের রোববার, সিডনির মোট চারটি ক্রিকেট মাঠে ৮টি করে ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে।

মূলত ক্রিকেটের মাধ্যমে অস্ট্রেলিয়ার মাল্টিকালচারাল কমিউনিটির মধ্যে সম্পর্ক উন্নয়নে ২০১৪ সাল থেকে আয়োজন করা হচ্ছে অরিজিন ক্রিকেট কাপ। পাশাপাশি মাঠ পর্যায় থেকে বর্তমান ও আগামী প্রজন্মের বাংলাদেশি ক্রিকেটার খোঁজার কাজও করছে অরিজিন।

অরিজিন ক্রিকেটের প্রতিষ্ঠাতা মাহিন আবেদীন বলেন, “মাল্টিকালচারাল সোসাইটিতে প্রবাসী বাংলাদেশিদের খেলার সুযোগ করে দিতেই এ আয়োজন। এখান থেকে দক্ষ খেলোয়াড়রাই আগামীতে অস্ট্রেলিয়া এমনকি বাংলাদেশের জাতীয় পর্যায়ে খেলবে, এটাই স্বপ্ন, এটাই উদ্দেশ্য।”

শুরুতে একক প্রচেষ্টায় এই টুর্নামেন্টের আয়োজন করা হলেও আগামীতে অরিজিনের সাথে এক হয়ে কাজ করতে চায় ২০ বছরের পুরনো বাংলাদেশিদের টুর্নামেন্ট ‘বিডি গোল্ড কাপ’।

প্রবাসী অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে অস্ট্রেলিয়া বাংলাদেশ স্পোর্টস এন্ড কালচারাল সংগঠনের প্রতিষ্ঠাতা মোহাম্মদ আলম বলেন, “ক্রিকেটে আমাদের ছেলেমেয়েদের ক্যারিয়ার গড়তে এই উদ্যোগ। অস্ট্রেলিয়ান ক্রিকেটে আমাদের অবস্থান তৈরি করতে সন্তানদের খেলায় উদ্যোগী করুন।”

এবারের টুর্নামেন্টে অংশ নেওয়া ১৮টি দলের মধ্যে বাংলাদেশিদের রয়েছে মোট ১১টি। বাকি সাতটি দলের নেতৃত্বে আছেন ভারত, পাকিস্তান, আফগানিস্তান এবং শ্রী লংকানরা।

‘এ’ গ্রুপের দলগুলো হচ্ছে: একাত্তর, সিলভার বুলেটস, এ্যাসাসিন, সিডনি ইগনাইট ক্লাব, হায়দ্রাবাদ টাইটানস, অবার্নস্টারস, মাইনরকুঞ্জুস, সিগালস ইউনাইটেড, সিডনি স্লিড।

গ্রুপ ‘বি’ তে আছে: সিডনি টাইটানস, সিডনি স্ট্রাইকার্স, ব্লোড এন্ড সিক্স, ওয়াইলি পার্ক সুপারস্টারস, পাওয়ার সোর্স, শিখ ওয়ারিয়র্স, হাজারাস্টার্স, অজি এনএসইউইআরএস, লিওপার্ডস ইলাভেন।

সেরা দুই দলকে নিয়ে আগামী ডিসেম্বরে অনুষ্ঠিত হবে অরিজিন ক্রিকেট কাপের ফাইনাল ম্যাচ।