ফ্লোরিডায় ঘূর্ণিঝড়ের আগেই বিদ্যুৎহীন ৩০ হাজার বাংলাদেশি
হারিকেন ম্যাথিউ আঘাত হানার ২৪ ঘন্টা আগেই ফ্লোরিডায় তৈরি ঝড়ো হাওয়ায় বাংলাদেশি অধ্যুষিত মায়ামি-ডেড, ব্রাউয়ার্ড এবং পামবিচ কাউন্টির বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো বিদ্যুৎহীন হয়ে পড়েছে।
দক্ষিণ ফ্লোরিডায় ৩০ হাজারের বেশি বাংলাদেশি রয়েছেন উল্লেখ করে ‘বাই ন্যাশনাল চেম্বার অব কমার্স’র সহ-সভাপতি আতিকুর রহমান বলেন, “বাংলাদেশিরা এখন পর্যন্ত নিরাপদেই রয়েছেন। তবে পুরো এলাকা বিদ্যুৎহীন হয়ে পড়ায় কারও সঙ্গে টেলিফোনে যোগাযোগ করা যাচ্ছে না। কেউই চাচ্ছেন না তার সেলফোনের চার্জ শেষ করতে।”
হারিকেন আঘাত হানতে পারে এমন এলাকা থেকে ইতোমধ্যে ১৫ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দিয়েছেন ফ্লোরিডার গভর্নর রিক স্কট।
বৃহস্পতিবার স্থানীয় সময় রাতে আতিকুর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুরো রাজ্যে জরুরী অবস্থা ঘোষণার পর দোকান-পাট শক্তভাবে আটকে রেখে সপরিবারে নিরাপদ জায়গায় চলে এসেছেন প্রবাসীরা। দক্ষিণ ফ্লোরিডা এখন ভূতুরে জনপদ হয়ে গেছে। স্থানীয় পুলিশ ও ন্যাশনাল গার্ডের সদস্যরা টহল দিচ্ছেন। অন্য কাউকে বাইরে দেখা যাচ্ছে না।”
ন্যাশনাল হারিকেন সেন্টার সূত্রে বলা হয়েছে, জরুরী কর্মী বাহিনীকে প্রস্তুত রাখা হয়েছে। হারিকেনের তীব্রতা কেটে যাবার সঙ্গে সঙ্গে অর্থাৎ ঘন্টায় ৩৫ মাইলের কম গতিতে আসার পর বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
গত মঙ্গলবার থেকে ঘণ্টায় ২৩০ কিলোমিটার বাতাসের বেগ নিয়ে কিউবা ও হাইতি পার হতে শুরু করে এই হারিকেন ম্যাথিউ। প্রচণ্ড বৃষ্টিপাতে যাওয়ার পথে শহরগুলো ভাসিয়ে দিয়ে যায়। কেবল হাইতির দক্ষিণাঞ্চলের রোশ-আ-বাতেও শহরেই মৃত্যু হয় অন্তত ৫০ জনের।
হাইতিতে ৩৩৯ জনের প্রাণহানি আর ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটিয়ে আবার শক্তি সঞ্চয় করে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপকূলের দিকে এগোচ্ছে এই ঘূর্ণিঝড়।
