২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিডনিতে বাংলা লোকমেলা অনুষ্ঠিত

প্রবাসী বাংলাদেশীদের অন্যতম সামাজিক সংগঠন 'বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটি'র উদ্যোগে সিডনিতে অনুষ্ঠিত হয়েছে বাংলা লোকমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নাইম আবদুল্লাহ, সিডনি থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Oct 2016, 08:35 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

স্থানীয় সময় গত ২ অক্টোবর রোববার সিডনির গ্লেনফিল্ডে গত ছয় বছরের ধারাবাহিকতায় ওই আয়োজন করা হয়।

এবারের আয়োজনের স্লোগান ছিল- 'বাংলায় গান গাই, বাংলায় নাচি, বাংলায় মাতি, সারাদিন সারা বেলা, বাংলা লোকমেলা'।

গ্লেনফিল্ড রেলওয়ে প্যারেডের সিডন পার্কের মাঠে মনোরম পরিবেশে সারাদিনব্যাপী চলে "বাংলা লোকমেলার" ঐতিহ্যবাহী ওই আয়োজন।

বসন্তের মৃদুমন্দ অথচ চমৎকার রৌদ্রজ্জ্বল দিন থাকায় সিডনি ছাড়াও ক্যানবেরা, মেলবোর্ন থেকেও প্রচুর প্রবাসীদের সমাগম ঘটে এই মেলায়।

মেলার মূল প্রবেশ দ্বারের দু'পাশে শোভিত ছিল চারু শিল্পীদের চিত্র কর্ম। পর্যাপ্ত ফ্রি কার পার্কিং এবং বিনা টিকেটে প্রবেশের ব্যবস্থা থাকাতে মেলা প্রাঙ্গণে ছিল হাজার হাজার দর্শকের ভিড়।

স্বাধীনতা যুদ্ধের সকল বীর মুক্তিযোদ্ধা ও শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতের পরিবেশন ও পতাকা উত্তোলনের মাধ্যমে মেলার উদ্বোধন ঘোষণা করা হয়।

বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন সংগঠনের সভাপতি মতিউর রহমান খান ও আহ্বায়ক ইসমাইল মিয়াসহ অন্যান্য সদস্যবৃন্দ। অস্ট্রেলিয়ার জাতীয় পতাকা উত্তোলন করেন নবনির্বাচিত মেয়র জর্জ ব্রাইসেভিস, কাউন্সিলর  মার্গারেট চিভারছ ও কাউন্সিলর মাসুদ চৌধূরী।

স্থানীয় ফেডারেল এমপি, ক্যাম্পবেলটাউন সিটি কাউন্সিলের মেয়র ও  নব নির্বাচিত কাউন্সিলর মাসুদ চৌধুরী।

এবারের মেলার বিশেষ আকর্ষণ ছিল ঘুড়ি উড়ানো ও লাটিম ঘোরানোর প্রতিযোগিতা,   মেয়েদের মিউজিক্যাল চেয়ার সিটিং ও ছেলেদের মোরগ লড়াই খেলা এবং কোমল মতি শিশুদের  চিত্রাঙ্কন প্রতিযোগিতা।

আর  বিজয়ীদের জন্য আকর্ষণীয় পুরস্কারের ব্যবস্থা করে বিদেশবাংলা ২৪ ডটকম ও মাই রিয়েলিটি এনএসডব্লিউ। বাংলা ক্যালেন্ডারের উপর বাংলা সন, মাস, তারিখসহ নানা কুইজ প্রতিযোগিতা ও পুরস্কারের আয়োজন করেছিল এসবিএস বাংলা রেডিও। 

উপস্থিত দর্শকদের জন্য সৌজন্যমূলক পানি ও সফট ড্রিংক্স এর আয়োজনে ছিল বাংলাকথা ডট কম, মিউচুয়াল হোম এবং পির আর ডি ন্যাশনাল রিয়েল স্টেট, ইংগেলবার্ন।

বাংলা লোকমেলার চিত্র প্রদর্শনীতে স্থান পেয়েছে সিডনির প্রতিভাবান শিল্পীদের শিল্পকর্ম। এতে প্রদর্শন করা হয় চিত্রশিল্পী আজিজ হক, ফাহিম ও ফারহাদ হাসানের তৈলচিত্র।

তারা শিল্পকর্মে তুলে ধরেছিলেন আবহমান গ্রাম বাংলার চিরচেনা সব ছবি। চিত্র প্রদর্শনীর সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অ্যাসোসিয়শনের সাধারণ সম্পাদক  মুনির হোসেন।

ক্যাম্পবেলটাউন বাংলা স্কুল ও কিশোলায় কচিকাঁচার ক্ষুদে শিল্পীদের কবিতা আবৃত্তি, একক ও দলীয় সংগীত, নৃত্য ছিল অসাধারণ। ছোট্ট শিশু কিশোরদের মন কাড়া পরিবেশনা মুগ্ধ করে উপস্থিত সকল দর্শকদের।

চার্লস স্টুয়ার্ড ইউনিভার্সিটির গবেষক ও প্রভাষক শিবলী আবদুল্লাহর চমৎকার উপস্থাপনায় শাহিন শাহনেওয়াজ এর নেতৃত্বে পুঁথি ও পালা গানের আদলে মঞ্চে লোক সঙ্গীত পরিবেশন করেন স্থানীয়  লোক সংগীত শিল্পীরা। পরিবেশন করেন  চিরচেনা গানগুলো।

মঞ্চে তাদের পরিবেশনায় ছড়িয়ে পরে বাঙলা গানের অকৃত্রিম  লোকজ সংস্কৃতি। এছাড়াও সংস্কৃতি, ভাটিয়ালি, জারি সারি, বাউল, কবি গান, দেশীয় যন্ত্রসঙ্গীত পুথিপাঠ, ফোক গান নিয়ে সাজানো হয়েছিল সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী লোকজ পরিবেশনা।

এতে অংশগ্রহণ করেন শাহিন শানেওয়াজ, তামান্না, রাজিব, শুভ্রা ও অভিজিৎ, ইভানা, ফারিয়া, লুতফাসহ অনেকেই। 

তরুণ কণ্ঠশিল্পী রুহুল আমিনসহ স্থানীয় শিল্পীরা একক ও দ্বৈত সঙ্গীত পরিবেশন করেন।   মুনির হোসেন ও জাহান সিড (আলম) এর তত্ত্বাবধানে পরিচালিত এই সাংস্কৃতিক পর্বে কোনও অপসংস্কৃতি স্থান পায়নি।

আয়োজক সংগঠনের সভাপতি মতিউর রহমান খান তার সংক্ষিপ্ত ভাষণে বলেন, "প্রবাসের যান্ত্রিক জীবনের বাইরে এসেও বাঙালি জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতির চর্চাকে সমুন্নত রাখতে বাংলাদেশী অস্ট্রেলিয়ান ওয়েলফেয়ার সোসাইটির এই আয়োজন ও পরিবেশনা।"

"অস্ট্রেলিয়ায় জন্ম নেওয়া ও বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালি জাতির ভাষা, সাহিত্য, সংস্কৃতি চর্চা এবং এর ইতিহাসের সাথে পরিচয় করিয়ে দেওয়াই ছিল এই মেলার প্রধান উদ্দেশ্য।"

মেলায় সার্বিক সহযোগিতার জন্য তিনি অনুদানদাতা ও মিডিয়াসহ সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতাসহ মেলায় আগত দর্শকদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মনোরম ও পরিচ্ছন্ন পরিবেশে সুস্বাদু বাঙ্গালি খাবারের স্টলগুলোতে ছিল ক্রেতাদের উপচে ভিড়। নানারকম খেলনা, শাড়ি, চুড়ি আর রকমারি পশরা সাজিয়ে বসেছিল হরেক রকম দোকান। শিশু কিশোরদের জন্য ছিল বিভিন্ন বিনোদন রাইড। মেলার মাঠ সংলগ্ন কমিউনিটি সেন্টারে ছিল নামাজের বিশেষ ব্যবস্থা।

এই মেলার সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সাইফুল ইসলাম চৌধুরী, মাহবুব উল আলম চৌধুরী শরীফ, সাঈদ সেকান্দর, মনসুর আহমেদ প্রমুখ।