২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আটলান্টায় নিহত কিশোরীর মায়ের পুনরায় অস্ত্রোপচার

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টায় ট্রাকের ধাক্কায় নিহত কিশোরীর মা লিসা ফাতেমা সাদিয়ার বাম হাতে পুনরায় অস্ত্রোপচার করা হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রুমী কবির, যুক্তরাষ্ট্রের আটলান্টা থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2016, 05:42 PM

Updated : 11 Oct 2022, 08:49 PM

স্থানীয় সময় সোমবার ওই অস্ত্রোপচার করার কথা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

গত ১৯ সেপ্টেম্বর স্থানীয় সময় রাতে টেনেসি রাজ্যের ন্যাশভিলে যাওয়ার পথে এক সড়ক দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় সামারা ইসলাম নামের ১৪ বছরের ওই বাংলাদেশি কিশোরী। দুর্ঘটনার সময় সামারার সঙ্গে থাকা তার মা সাদিয়াও গুরুতর আহত হন।

দুর্ঘটনাস্থল থেকে প্রথমে সাদিয়াকে ডালটন এলাকার স্থানীয় হাসপাতালের জরুরি বিভাগে তাৎক্ষণিকভাবে ভর্তি করানো হয়। পরে আটলান্টার এমোরি হাসপাতালে কয়েকদিন রাখার পর গ্র্যাডি মেমোরিয়াল হাসপাতালে স্থানান্তরিত করা হয়।

সাদিয়াকে হাসপাতালে দেখতে গেলে তিনি জানান, কয়েকদিন আগে তার দুই হাতের অস্ত্রোপচার করা হয়েছে। এখনও শরীরের ভেতরে আঘাতজনিত কারণে টিউবের মাধ্যমে জন্য বর্জ্য বের করা হচ্ছে।

তিনি বলেন, "বাম হাতের ভাঙা হাড়ের জোড়াটি দুর্ভাগ্যবশত: আলগা হয়ে যাওয়ায় ওই একই জায়গায় পুনরায় অস্ত্রোপচার করা জরুরী বলে ডাক্তাররা জানিয়েছেন, যা সোমবার হওয়ার কথা রয়েছে।" 

সামারার বাবা আমির ইসলাম ন্যাশভিলে এটিএন্ডটি কোম্পানিতে নেট-ওয়ার্ক ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করেন। বাবা-মায়ের বিচ্ছেদের পর সামারা বাবার সঙ্গেই থাকত। সেখানে ন্যাশভিল ব্রেন্টউড হাই স্কুলে নবম গ্রেডে পড়াশুনা করত।

মা সাদিয়া থাকেন আটলান্টার লিলবার্ন শহরে। সামারা ওই দিন মায়ের বাসা থেকে উইকএন্ডের ছুটি শেষে বাবার বাসায় ফিরছিল।