দল হিসেবে জামায়াতের বিচার চান শাহরিয়ার কবীর
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শাহরিয়ার কবীর নিউ ইয়র্কে এক আলোচনা সভায় দল হিসেবে জামায়াতে ইসলামীর বিচার ও যুদ্ধাপরাধীদের সম্পদ বাজেয়াপ্ত করার দাবি করেছেন।
শুক্রবার সন্ধ্যায় নিউ ইয়র্কে জ্যাকসন হাইটসের একটি মিলনায়তনে একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির নিউ ইয়র্ক শাখার আয়োজনে ‘যুদ্ধাপরাধী ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’ নামে এই আলোচনা সভা হয়।
শুরুতে চলচ্চিত্রকার ও সাংবাদিক শাহরিয়ার কবীর নির্মিত ‘জার্নি টু জাস্টিস’ নামে একটি তথ্যচিত্র দেখানো হয়।
‘যুদ্ধাপরাধী ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখছেন ফাহিম রেজা নূর। পাশে স্বীকৃতি বড়–য়া।ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
এই তথ্যচিত্রের উদ্ধৃতি দিয়ে শাহরিয়ার কবীর বলেন, “আড়াই শতাধিক বছরে বিভিন্ন দেশে যুদ্ধাপরাধের বিচারের পক্ষে শতভাগ সমর্থন কখনো ছিল না। নুরেনবার্গ ট্রায়াল স্বচ্ছ হয়েছে, নাজিদের বিচার ঠিকমত হয়নি ইত্যাদি বলা হচ্ছে। অথচ নুরেনবার্গ ট্রায়ালের সময়েও অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ ছিল না। বর্তমানে কম্বোডিয়ায় যুদ্ধাপরাধের বিচার চলছে। সেখানেও অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনের সুযোগ পাচ্ছে না। অথচ বাংলাদেশের অভিযুক্তরা আত্মপক্ষ সমর্থনই শুধু নয়, প্রদত্ত রায়ের পর্যালোচনার সুযোগও পাচ্ছে।”
‘যুদ্ধাপরাধী ও জঙ্গিমুক্ত অসাম্প্রদায়িক বাংলাদেশ চাই’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা। ছবি-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
“হিউম্যান রাইটস ওয়াচ কিংবা এ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সব সময়ই অভিযুক্তদের পক্ষে অবস্থান নিয়ে মতামত ব্যক্ত করছে। অথচ তারা একটিবারের জন্যেও ভিকটিমদের অসহনীয় যন্ত্রণা আর কষ্টের কথা বিবেচনায় রাখছে না।”
অনুষ্ঠানে আয়োজক সংগঠনের সভাপতি ফাহিম রেজা নূর স্বাগত বক্তব্য দেন এবং প্রশ্নোত্তর পর্বের সমন্বয় করেন সাধারণ সম্পাদক স্বীকৃতি বড়ুয়া।
প্রবাসের বিভিন্ন শ্রেণি ও পেশার প্রতিনিধিত্বকারিরা এই আলোচনা সভায় অংশ নেন।
