২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সিঙ্গাপুরের তথ্যচিত্রে বাংলাদেশি কবি

সিংগাপুরে বসবাসরত পাঁচ দেশের শ্রমজীবী কবির কবিতা ও জীবনী নিয়ে তৈরি হয়েছে তথ্যচিত্র ‘পয়েটস অন পারমিট’। প্রবাসী বাংলাদেশি কবি মোহর খান এতে স্থান পেয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মনির আহমদ, সিঙ্গাপুর থেকে

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2016, 08:39 PM

Updated : 11 Oct 2022, 08:44 PM

সোমবার স্থানীয় সময় বিকালে সিঙ্গাপুরের বিচ রোডের শো টাওয়ারের ফ্রস্ট অ্যান্ড সুল্লিভ্যান হলরুমে এই তথ্যচিত্রের প্রথম প্রদর্শনী হয়েছে যা তৈরি করেছে সিঙ্গাপুরের আপটেক মিডিয়া।

২৪ মিনিটের এই তথ্যচিত্রে স্থান পাওয়া অন্য চারজন কবি হলেন- ভারতের সন্দীপ খোসা, চীনের হিতো ঝাং, ইন্দোনেশিয়ার সারাসসামসী ইয়াহা ও ফিলিপিনের গ্লোরি ভালিস্তা।

মোহর খান সিঙ্গাপুরের একটি নির্মাণ প্রতিষ্ঠানে কাজ করেন। কাজের অবসরে তিনি  লাইব্রেরি, রেস্তোরাঁ, পার্কে কিংবা সাগরের পাশে অন্যান্য লেখক ও কবিদের সঙ্গে সাহিত্য আড্ডায় সময় কাটান।

২০১৫ সালে সিঙ্গাপুরের অভিবাসী কবিতা প্রতিযোগিতায় ‘ল্যাম্পপোস্ট’ কবিতার জন্য তিনি প্রথম ‘রানার্স আপ’ পুরস্কার পান।

তথ্যচিত্রটির প্রধান নির্মাতা কাউর নাগপাল বলেন, “সিঙ্গাপুরের জনপ্রিয় অভিবাসী কবিতা প্রতিযোগিতার দ্বিতীয় পর্বে অংশগ্রহণকারীদের থেকে পাঁচজন নির্বাচন করে নির্মিত হয়েছে এই তথ্যচিত্র। এতে অভিবাসীদের জীবনযাপন ও প্রতিভাকে প্রাধান্য দেওয়া হয়েছে।”

আরও দুয়েকটি প্রদর্শনীর পরে তথ্যচিত্রটি ইউটিউব ও অন্যান্য স্থানে ছাড়া হবে বলেও জানান তিনি।

তথ্যচিত্র তৈরিতে প্রধান নির্মাতার সঙ্গে কাজ করেছেন জেরেমি ম্যাকি ও ক্ল্যারি চিন।