শেকড় ভুলছে কি যুক্তরাষ্ট্র প্রবাসী নতুন প্রজন্ম!
যুক্তরাষ্ট্রের মাটিতে প্রথম প্রজন্ম হিসেবে আমাদের অনেকটা সময় পেরিয়েছে। নানা পথ ধরে প্রবাসী হওয়ার পর আমরা যারা একদিন এদেশে গ্রিন কার্ডধারী হয়েছি, তাদের দ্বিতীয় বা তৃতীয় প্রজন্ম এখন আমেরিকার নাগরিক।
সময়ের সাথে সাথে এই নতুন প্রজন্মের সংখ্যা দ্রুত বাড়ছে এবং এরা পশ্চিমের সঠিক শিক্ষা-দীক্ষা আর সামাজিক-সাংস্কৃতিক পরিমণ্ডলের স্বাচ্ছন্দ্যময় পরিবেশের মধ্যে থেকে বেড়েও উঠছে আপন গতিতে।
বাংলাদেশি বংশোদ্ভুত এই নতুন প্রজন্মের রয়েছে নিজস্ব ‘আমেরিকান ড্রিম’। তবে একাত্তরে পৃথিবীর মানচিত্রে স্থান করে নেওয়া তাদের পূর্বপুরুষের দেশ বা আত্মপরিচয় নিয়ে এই প্রজন্মটি কতটুকু সচেতন!
আমরা যারা পূর্ব প্রজন্ম তারাই বা কতটুকু উৎসাহ দিতে পারছি বাঙালির হাজার বছরের গৌরব-ঐতিহ্য-ইতিহাস-গাঁথা নতুন এই প্রজন্মের মধ্যে সঞ্চারিত করার ব্যাপারে!
নানা সামাজিক-সাংস্কৃতিক ও ধর্মীয় কর্মসূচির আয়োজন করার পরও যুক্তরাষ্ট্র প্রবাসীরা এ কাজে ব্যর্থ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলেই আমার মনে হয়।
বাংলাদেশ, বাংলা ভাষা ও সাংস্কৃতিক চর্চাকে গতিশীল রাখতে বাংলাদেশ অ্যাসোসিয়েশন গড়ে তুলেছি। স্বদেশের চেতনায় স্বাধীনতা দিবস, বিজয় দিবস, বৈশাখী মেলা, বনভোজন, পুনর্মিলনী ইত্যাদি নানা অনুষ্ঠানের আয়োজন করছি। বাংলাদেশ অ্যাসোসিয়েশনের পাশাপাশি ভিন্ন ভিন্ন ‘এজেন্ডা’ নিয়েও গড়ে উঠছে নানা সামাজিক-সাংস্কৃতিক বা ইস্যুভিত্তিক সংগঠন।
নতুন প্রজন্মের বাংলাদেশিদের মধ্যে মনজিমা নামের একটি মেয়েকে দেখে মাঝে মাঝে আশার সঞ্চার হয়। ২০০২ সালে ছয় বছর বয়সে মনজিমা দাদুর কাছে বসে একদিন বাংলা শিখে ফেলেছিল। বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে মনজিমা এখন নিয়মিতই সাবলিল বাংলায় উপস্থাপনা করে। এমনকি বাংলায় লিখতেও পারে।
বছর দুয়েক আগে ‘শিশুদের জন্যে শিশুরা’ এই স্লোগান সামনে রেখে এখানকার বাংলাদেশি পরিবারের শিশুরা একটি কনসার্টেও অংশ নিয়েছে, যা ছিল খুব আশা জাগানিয়া।
এখানকার বাংলাদেশি কমিউনিটির অনুষ্ঠানে অনেক সময়ই দেখা গেছে শিশুরা বাংলাদেশের কৃষ্টি-সংস্কৃতি ও অন্যান্য জাতীয় দিবসে মঞ্চে পারফর্ম করার পরও ওই বিশেষ দিনটি নিয়ে কিছু জিজ্ঞাসা করলে বলতে পারছে না।
আর এর কারণ হচ্ছে মঞ্চে ওঠার আগে অভিভাবকরা বিশেষ ওই অনুষ্ঠানের কারণটি নিয়ে তাদের শিশুদের সচেতন করছে না।
আমি বাংলাদেশের স্বাধীনতা দিবসের একটি অনুষ্ঠানে গেলাম, সেখানে আলোচনা শুনছি একাত্তরের প্রেক্ষাপটে। বাঙালি জাতি কীভাবে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের বিনিময়ে শহীদের রক্ত আর মা-বোনদের ইজ্জতের বিনিময়ে একটি স্বাধীন জাতির জন্ম দিল, এসব সারগর্ভ আলোচনা শোনার পাশাপাশি আমি নিজেও আলোচনায় অংশ নিচ্ছি। অনুষ্ঠানের ফাঁকে ফাঁকে হয়তো কোন গুণী শিল্পীর দরাজ কণ্ঠের গানও শুনছি।
হঠাৎই খেয়াল করলাম আমার পাশ থেকে আমারই সন্তান কখন যেন উঠে গিয়ে বাইরে একই বয়সী তার অন্য পরিমণ্ডলের বন্ধুদের সঙ্গে আড্ডা দিচ্ছে।
প্রবাসে আমরা যে কাজটি সব চাইতে খারাপ করছি, সেটি হচ্ছে, বাড়িতে ছেলেমেয়েদের সাথে অনর্গল বাংলা ভাষার পরিবর্তে ইংরেজিতে কথা বলে যাচ্ছি। ছেলেমেয়েরা এমনিতেই স্কুলে বা বাইরে তাদের স্বাভাবিক নিয়মে এদেশের ভাষা ইংরেজিতেই কথা বলে থাকে। সেক্ষেত্রে ছেলে-মেয়েদেরকে বাড়িতে বাংলা ভাষায় কথা বলার বিষয়টি বাধ্যতামূলক করার বদলে ইংরেজি পাণ্ডিত্য দেখাতে নিজেরা ওই ভাষাতেই কথা চালিয়ে যাচ্ছি।
আরেকটি ঘটনার কথা মনে পড়লো। দু’বছর আগে আমার বন্ধুর দ্বাদশ শ্রেণীতে পড়া এক কন্যার সাথে বাংলাদেশের ভাষা, সংস্কৃতি নিয়ে কথা বলতে গিয়ে এক পর্যায়ে বায়ান্ন সালের একুশে ফেব্রুয়ারিতে কী হয়েছিল জানতে চাইলাম।
মেয়েটি একটু ভেবে উত্তর দিল, সেসময় স্বাধীনতার জন্যে বাঙালিরা পাকিস্তানিদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল এবং কিছু মানুষ পাকিস্তানিদের গুলিতে মারা গিয়েছিলো।
সেদিন আমি এধরনের উত্তর শুনে হতবাক হয়েছিলাম।
পরে ভেবে দেখেছি যে, এখানে হতবাক হওয়ার তো কিছুই ছিল না! কেননা আমরা অভিভাবকরা জীবন-জীবিকা ও ডলারের পেছনে এতটাই ব্যস্ত সময় কাটাই যে, সন্তানদের কাছে পূর্ব-পুরুষের ইতিহাস-ঐতিহ্য নিয়ে কথা বলার বা গল্প করার বিন্দুমাত্র সময়ও বের করতে পারিনা। কাজেই ওর কাছ থেকে এর চেয়ে বেশি কিছু আর কি আশা করতে পারি?
আমাদের কমিউনিটি সংগঠনগুলোর নানা তৎপরতা নিয়েও নতুন প্রজন্মের মধ্যে একধরনের বিরূপ মানসিকতা ইদানিং দেখা যাচ্ছে।
যেসব ছেলেমেয়েরা স্কুল পেরিয়ে কলেজ-বিশ্ববিদ্যালয়ের গণ্ডিতে প্রবেশ করেছে তাদের অনেকেই বলেছে, 'বাবা-মা'র খুশির জন্যই তারা বাঙালিদের বিভিন্ন অনুষ্ঠানগুলিতে অংশ নেয়।
অনেকেই অবশ্য ছেলেমেয়েদেরকে বাংলা শেখানো নিয়ে কথা বলতে গেলে প্রবাসের সংগঠনের নেতা-কর্মীদের দোষ চাপিয়ে দেন।
তাদের অভিযোগ, সংগঠনের নেতারা নিজেদের নেতৃত্বকে প্রতিষ্ঠা করতে কিংবা নাচ, গান, নামী-দামী শিল্পীদের কনসার্ট করা নিয়ে খুব ব্যস্ত থাকেন। ফলে বিভিন্ন সংগঠনের পদে নির্বাচিত হওয়ার আগে যে প্রতিশ্রুতি দেন তা বাস্তবায়ন করার সুযোগ পান না বা করেন না।
সংগঠনের উদ্যোগে বাংলা স্কুল চালু হলে নতুন প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির সাথে পরিচিত করানো সহজ হতে পারে বলে এই গোষ্ঠির বিশ্বাস।
যুক্তিটি সঠিক হলেও অভিভাবকদেরকে নিজ পরিবারে এই চ্যালেঞ্জ মোকাবেলায় সবার আগে এগিয়ে আসা জরুরী বলে আমি মনে করি। বাড়িতে বাংলা ভাষা থেকে শুরু করে পুরোদমে বাঙ্গালিয়ানা পরিবেশটি তৈরি করতে পারলেই আমাদের ছেলে-মেয়েরা তাদের আইডেন্টিটিকে ধরে রাখতে সক্ষম হবে বলে আমার দৃঢ় বিশ্বাস।
এই প্রবাসে আমাদের আশেপাশের অন্যান্য অভিবাসী জাতি- স্প্যানিশ, আইরিশ, আফ্রিকান, জার্মান কিংবা ইহুদীদের সবাই যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক পরিমণ্ডলে বাস করেও নিজ নিজ সংস্কৃতি ও ভাষা পরবর্তী প্রজন্মকে শিখিয়ে আইডেন্টিটি সংকট থেকে নিজেদেরকে রক্ষা করে চলেছে।
রুমী কবির: লেখক, সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠক, আটলান্টা।
